সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপা, স্ত্রীর পর মারা গেলেন স্বামীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক নারীর মৃত্যুর আড়াই ঘণ্টা পর ওই নারীর আহত স্বামীও মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আবুল হোসেন (৭৮) নামের ওই ব্যক্তি মারা গেছেন বলে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে সড়ক পার হতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আবুল হোসেনের স্ত্রী মোসা. রূপজান বিবি (৭৫)। নিহত ওই দম্পতির বাড়ি শ্রীপুরের চকপাড়া গ্রামে।

বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে সড়ক পার হতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন মোসা. রূপজান বিবি (৭৫)। বেলা দুইটার দিকে তাঁর স্বামী আবুল হোসেন (৭৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় লোকজন জানান, রূপজান বিবি ও তাঁর স্বামী আবুল হোসেন নয়নপুর এলাকায় পশ্চিম দিক থেকে মহাসড়ক পার হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। সড়কে নামতেই একটি কাভার্ড ভ্যান এসে তাঁদের চাপা দেয়। দুর্ঘটনা ঘটিয়ে কাভার্ড ভ্যান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই রূপজানের মৃত্যু হয়। তাঁর স্বামী আবুল হোসেনও গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বেলা দুইটার দিকে তিনিও মারা যান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাভার্ড ভ্যান ও সেটির চালককে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত কাজ চলছে।