সড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক নারী। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফাতেমা বেগম (৬৫)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় লোকজন বলেন, ফাতেমা তাঁর বাবার বাড়ি থেকে বের হয়ে মানিকছড়ি উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় লোহার রডবোঝাই একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর তিনি সড়কে পড়ে গেলে পিকআপ ভ্যানটি তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ফটিকছড়ি নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। এর চালক পলাতক। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।