সড়ক বন্ধ, তাই আকাশে চাপ
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবিতে সড়কপথে চলছে পরিবহন ধর্মঘট। এ কারণে আকাশপথে চাপ বেড়েছে। গত শুক্রবার থেকে সৈয়দপুর-ঢাকা, সৈয়দপুর-চট্টগ্রাম ও সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজের কোনো টিকিট মিলছে না। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী চাপ বেড়েছে।
আজ রোববার সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে কথা হয় ঢাকামুখী যাত্রী নীলফামারীর মিশুক নাফিজের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকায় জরুরি কাজ আছে। তাই বিমানে যেতে হচ্ছে। অনেকগুলো টাকা গুনতে হলো আমাকে।’
দিনাজপুরের রুহুল আমিনের সঙ্গে বিমানবন্দর টার্মিনালে কথা হয়। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসেছিলাম। বাসের টিকিটও কাটা ছিল। আজ রোববারের মধ্যে ঢাকায় ফিরতে না পারলে চাকরি হারাতে হবে। ৩ হাজার ৬০০ টাকায় টিকিট কেটে ঢাকায় যাচ্ছি।’
বিমানবন্দর সূত্র জানায়, গত তিন দিনে সৈয়দপুর-ঢাকা পথে ইউএস-বাংলা, নভো এয়ার ও বিমান বাংলাদেশের ১৪টি ফ্লাইটের মধ্যে কোনোটির সিট খালি নেই। চাপ নিতে হচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলোকে। সারা দেশের সিডিউল স্বাভাবিক রাখতে ফ্লাইটও বাড়ানো যাচ্ছে না। সৈয়দপুর-চট্টগ্রাম, সৈয়দপুর-কক্সবাজার রুটেও টিকিট নেই। সড়কে গণপরিবহন বন্ধ বলে এমনটি হয়েছে।
বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, ‘বিমানে যাত্রীদের চাপ এমনিতেই বেশি। তার ওপর পরিবহন ধর্মঘট থাকায় যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ।’