সড়ক বিভাগের সচিবের অনুরোধে ময়মনসিংহে পরিবহন ধর্মঘট স্থগিত
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের অনুরোধ ও আলোচনার আশ্বাসে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে ময়মনসিংহের পরিবহনমালিক নেতারা ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস ২৬ জানুয়ারি সড়ক সংস্কারের দাবির বিষয়টি নিয়ে ময়মনসিংহের পরিবহনমালিকদের সঙ্গে আলোচনায় বসবেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে শুরু হওয়া ধর্মঘট স্থগিত করা হয়েছে। সকাল থেকে বাস বন্ধের কারণে যাত্রীদের দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন পরিবহনমালিক নেতারা।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোনতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী সব বাস ও ট্রাক বন্ধের ঘোষণা দেয় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত বেহাল মহাসড়ক সংস্কারের দাবিতে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
২ জানুয়ারি জেলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৫ জানুয়ারির মধ্যে সড়কের ওই অংশ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সড়ক সংস্কার না করা হলে বাস ও ট্রাক বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশ বেহালের কারণে বাস ও ট্রাক চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বেহাল সড়কের কারণে বাস ও ট্রাকে অতিরিক্ত জ্বালানি অপচয় ও গাড়ির যন্ত্রাংশ দ্রুত বিকল হয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।