সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে গেল ট্রাক, চালক ও সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের দেলদুয়ারে রোববার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে। আজ রোববার এ দুর্ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের দেলদুয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে গিয়ে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মমতাজ মিয়া (৩৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঢেউটিনবোঝাই একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছায়। এ সময় ট্রাকটি সামনে থাকা অপর একটি ট্রাক ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক মমতাজ মিয়া ও তাঁর সহকারী মারা যান। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানার পুলিশ। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, নিহত ট্রাকচালকের সহকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।