সড়ক মেরামতে মানসম্মত ইট ব্যবহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর ইটবাড়ীয়া এলাকায় এই সড়ক মেরামতে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর সদর উপজেলার  ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া খেয়াঘাট থেকে গলাচিপা জলকপাট পর্যন্ত পুরোনো সড়কের মেরামতে নিম্নমানের ইট ব্যবহারসহ অনিয়মের অভিযোগ উঠেছে। এ সড়ক মেরামতে শিডিউল অনুয়ায়ী মানসম্মত ইট ব্যবহারের দাবিতে শুক্রবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় লোকজন।

সংবাদ সম্মেলনে ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার মো. বশির উদ্দিন হাওলাদার, মো. সাইদুল ইসলাম, মো. অলিউল্লাহ, মো. মনির হোসেন, ইটবাড়িয়া গ্রামের মো. সুলতান আহমেদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর পক্ষে বশির হাওলাদার অভিযোগ করে বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এ নিয়ে স্থানীয় ব্যক্তিরা এলজিইডিতে সড়ক মেরামতের জন্য তাগাদা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সড়কটি নতুন করে মেরামত শুরু করে এলজিইডি। কিন্তু ঠিকাদার সড়কে নামমাত্র বালু ও নিম্নমানের খোয়া ফেলে রোলার দিতে শুরু করেন। নিয়ম অনুযায়ী, প্রথমে বালু ফেলে পরে ওপরে খোয়া ফেলে রোলার দেওয়ার কথা। কিন্তু ঠিকাদারের লোকজন যেভাবে সড়কটি মেরামত করছেন, তাতে এ সড়ক টেকসই হবে না। তাই তাঁরা সড়কটি যাতে শিডিউল অনুযায়ী মেরামত হয়, সেই দাবি জানান।

তবে ঠিকাদার মো. এনায়েতুর রহমান বলেন, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি হচ্ছে না।

এলজিইডি সূত্রে জানা যায়, ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া খেয়াঘাট থেকে গলাচিপা স্লুইচ পর্যন্ত ৪ কিলোমিটার ৩১৭ মিটার রাস্তার সংস্কারকাজ জানুয়ারি থেকে শুরু হয়। এর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা।

এলজিইডির সার্ভেয়ার মো. সোহেল মাসুদ জানান, সড়কটি মেরামতে যাতে শিডিউল অনুযায়ী হয়, এ ব্যাপারে ঠিকাদারকে বলা হয়েছে। কার্পেটিং করার আগেই বিষয়টি এলজিইডি থেকে দেখা হবে।

এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ‘সড়ক মোরামতের কাজ সবে শুরু হয়েছে। স্থানীয় ব্যক্তিদের দাবির বিষয়টি জেনেছি। কোথাও যদি ঠিকমতো বালু বা খোয়া ফেলা না হয়, তাহলে পুনরায় ঠিকাদারকে সেই কাজ করতে হবে। পরে কার্পেটিং হবে। জনস্বার্থের বিষয়ে এখানে কোনো ছাড় দেওয়া হবে না।’