সড়ক সম্প্রসারণের জন্য ভাঙা পড়ল আরেকটি ঢোপকল

১৯৩৪-৩৯ সালে রাজশাহী নগরের বিভিন্ন স্থানে পানি সরবরাহের জন্য ঢোপকল নির্মিত হয়। সারা দিনই পানি পাওয়া যেত ঢোপকল থেকে।

সড়ক সম্প্রসারণের জন্য ঢোপকলের ওপরের অংশ ভেঙে ফেলা হয়। গতকাল রাজশাহী নগরের ফুদকিপাড়ায়প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে সুপেয় পানি সরবরাহের জন্য একসময় প্রসিদ্ধ ছিল ঢোপকল। ৮০ বছর আগে নগরের বিভিন্ন স্থানে বসানো ঢোপকলগুলোর বেশ কয়েকটি এখনো সচল আছে। তবে নগরের সড়ক সম্প্রসারণের জন্য একের পর এক ঢোপকল ভাঙা পড়ছে।

সড়ক সম্প্রসারণকাজের জন্য গতকাল সোমবার নগরের ফুদকিপাড়ার একটি সচল ঢোপকল ভাঙা হয়েছে। রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাহমুদ বলেন, যে ধারণা থেকে ঢোপকলগুলো বানানো হয়েছিল, তা এখন অচল। শুধু ঐতিহ্য হিসেবে কিছু রাখা হয়েছে। গতকাল ভাঙা ঢোপকলটি সড়ক সম্প্রসারণের অংশ হিসেবে ভাঙা হয়েছে।

অবশ্য সিটি করপোরেশনের পক্ষ থেকে কয়েকটি রাস্তার মোড়ে অপসারিত ঢোপকলের কাঠামো সাজিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। ২০১০ সালের দিকে রাজশাহী নগরে প্রায় ২০টি ঢোপকল ছিল। সড়ক প্রশস্তকরণ ও বর্তমান পানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে খাপ না খাওয়ায় সিটি করপোরেশন ঢোপকলগুলোর বেশির ভাগই ভেঙে ফেলেছে।

নগরের ফুদকিপাড়া এলাকায় সুরেশ স্মৃতি সড়কের পাশের ঢোপকলটির ওপরের অংশ ভেঙে ফেলা হলেও নিচের অংশ এখনো আছে। এর সঙ্গে পানির লাইনটিও সচল। গতকাল বিকেলে দেখা যায়, ভাঙা ঢোপকল থেকে অনবরত পানি পড়ছে। পাশের বাড়ির একজন বয়স্ক নারী বললেন, ঢোপকলটি সচল ছিল। ভাঙার আগপর্যন্ত অনেকে এখান থেকে পানি নিতেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৯৩৪-৩৯ মেয়াদে রাজশাহী পৌরসভার চেয়ারম্যান থাকাকালে রায় ডি এন দাশগুপ্তের উদ্যোগে ও রাজশাহী অ্যাসোসিয়েশনের সহযোগিতায় নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের সিদ্ধান্ত হয়। তৎকালীন পুঠিয়ার মহারানি হেমন্ত কুমারী একাই ৬৫ হাজার টাকার অনুদান দেন। সিমেন্টের তৈরি ঢোপকলগুলো ছাড়া অন্য সরঞ্জাম আনা হতো ইংল্যান্ড থেকে।

এই ঢোপকলগুলোর প্রতিটিই ছিল একটি ‘রাফিং ফিল্টার’। প্রতিটি ঢোপকল ব্যবহার করা হতো পানি সংরক্ষণ কেন্দ্র হিসেবে। ফলে সারা দিনই পানি পাওয়া যেত।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী শাখার সভাপতি আহমদ সফি উদ্দিন বলেন, ‘পৃথিবীর অন্যান্য শহরে এ ধরনের ঐতিহ্য ধরে রাখার জন্য খরচ করা হয়। আর আমরা ভাঙছি।’