সড়কজুড়ে বালু-মাটির স্তূপ, দুর্ভোগ
বগুড়া শহরের ‘ভিআইপি সড়ক’ হিসেবে পরিচিত শহীদ জোব্বার সড়ক। এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে বহুতলবিশিষ্ট অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণিবিতান, চেইন শপ, রেস্তোরাঁ, শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও আবাসিক ভবন। কিন্তু হাতে গোনা দু-একটি ছাড়া অধিকাংশ ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। সড়কের ওপর গাড়ি পার্ক করায় এমনিতেই বছরজুড়ে ভোগান্তি লেগে থাকে পথচারীদের। এর ওপর নির্মাণাধীন ভবনের মালিকেরা সড়ক দখল করে মাটি-বালু, ইটসহ নির্মাণসামগ্রী রাখায় চলাচলে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুরী বলেন, অভিজাত শপিং মল ও বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে শহীদ আবদুল জোব্বার সড়কটি ভিআইপি সড়ক হিসেবে পরিচিত। এই সড়ক যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশের দুটি দল সার্বক্ষণিক সড়কের ইয়াকুবিয়া স্কুল মোড় এবং কালীবাড়ি মোড়ে অবস্থান করে। এমনিতেই ভবনগুলোতে পার্কিংব্যবস্থা না থাকায় সড়ক যানজটমুক্ত রাখতে ট্রাফিককে হিমশিম খেতে হয়। উপরন্তু সড়কে নির্মাণসামগ্রী রাখায় অবস্থা আরও খারাপ। কোনোভাবেই ট্রাফিক পুলিশের নির্দেশ মানছেন না ভবনমালিকেরা। সড়ক দখলমুক্ত রাখতে বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে সড়কের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে জলেশ্বরীতলা কালীবাড়ি হয়ে জেলখানা মোড় ঘুরে দেখা গেছে, সড়কজুড়ে নির্মাণাধীন ভবনের মাটি, বালু ও ইট রাখায় ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। মাঝেমধ্যে যানজট তৈরি হচ্ছে।
প্রি-ক্যাডেট স্কুলের সামনের অংশে চলছে বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ। আর নির্মাণ-উপকরণ রাখা হয়েছে সড়কের ওপর।
‘ইয়াসিন প্লাজা’ নামে বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়ে তা স্তূপ করে রাখা হয়েছে সড়কের ওপর। পাশেই বালু ও ইট সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। ইয়াসিন প্লাজা নির্মাণ করছে গাজী রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। সড়কের ওপর বালু-মাটি ফেলে রাখার বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গাজী সাইফুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জনদুর্ভোগ হলে কিছুই করার নেই। নির্মাণকাজ তো আর বন্ধ রাখতে পারি না। পৌরসভা ও ট্রাফিককে বলেই সড়কে নির্মাণ-উপকরণ রাখা হচ্ছে। এ ছাড়া কোনো বিকল্পও নেই।’
তবে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, শহীদ আবদুল জোব্বার সড়কের ওপর নির্মাণ-উপকরণ না রাখার জন্য নির্মাণাধীন ভবনের মালিকদের বহুবার নোটিশ করে ও মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু কেউ পৌরসভার নির্দেশ মানছেন না।
ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক শাহনূর শাহরিয়ার বলেন, নামেই ভিআইপি সড়ক। মেয়েকে স্কুলে দিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়কের অর্ধেকজুড়ে গাড়ি পার্ক করা হয়। তা ছাড়া সড়ক দখল করে বালু-মাটি স্তূপ করে রাখা হয়েছে। এসব যেন কারও চোখে পড়ে না।
বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল করিম বলেন, সড়কে নির্মাণ-উপকরণ রেখে মানুষের চলাচল বিঘ্নিত না করার জন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মালিকদের নানাভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু কেউ তা আমলে নিচ্ছেন না।