সড়কে অটোরিকশাস্ট্যান্ড, যানজট লেগেই থাকে চাতরী চৌমুহনীতে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজার অভিমুখের যাত্রীদের ভোগান্তি বেড়েছে। বাজারটি পার হতে প্রায় প্রতিটি যানবাহনেরই বেশ সময় লাগছে।
আজ শনিবার সরেজমিন দেখা যায়, চাতরী চৌমুহনী বাজারের ওপর দিয়ে আনোয়ারা ছাড়াও চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজার জেলার পেকুয়া ও চকরিয়ার যানবাহন চলাচল করে। এ ছাড়া কেইপিজেডের শ্রমিকদের আনা-নেওয়ার যানবাহনও চলাচল করে এই সড়ক দিয়ে। বাজারের ট্রাফিক পুলিশ বক্সের সামনে, ওয়ান মাবিয়া শপিং কমপ্লেক্সের সামনে, সিইউএফএল সড়কে ও চট্টগ্রাম শহরের দিকে চলে যাওয়ার অংশে সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থেকে যাত্রী তোলে। এ কারণে কোনোভাবে যানজট কমে না। এ কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় দূরপাল্লার গাড়িগুলোকে।
আজ সকাল ১০টার দিকে চাতরী চৌমুহনী বাজারে দেখা যায়, চারপাশের যানবাহন আটকে আছে সড়কে। কোনো গাড়িই চলাচল করতে পারছে না। আধঘণ্টা পর ধীরে ধীরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
চালক ও যাত্রীদের অভিযোগ, এমনিতে পিএবি সড়কের কালাবিবির দিঘি থেকে শিকলবাহা ওয়াই জংশন পর্যন্ত ছয় কিলোমিটার অংশে সড়ক সংস্কারের কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়; তার ওপর চাতরী চৌমুহনী বাজারের নিয়মিত যানজটের কারণে সড়কে প্রতিদিনই অনেক সময় নষ্ট হচ্ছে। তাঁরা বলেন, চাতরী চৌমুহনী বাজারের ওপর অবৈধ সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড হওয়ায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। আর এ কারণে চারপাশ থেকে আসা যানবাহন আটকে পড়ে।
সিএনজিচালিত অটোরিকশাচালক নুরুল আলম বলেন, সারাক্ষণ সিএনজি দাঁড়িয়ে থাকে সড়কের ওপর। এতে করে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়।
আনোয়ারা সদরের বাসিন্দা আহমেদ মিয়া বলেন, ‘আমি শহর থেকে যাওয়া-আসা করে চাকরি করি। কিন্তু প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছি।’
এ বিষয়ে চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ হাবিব হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি চাতুরী চৌমুহনী বাজারের যানজট নিরসনে। তবে গাড়ি বেড়ে যাওয়ার কারণে সমস্যা সমাধানে কষ্ট হয়।’