সড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে ট্রাফিক পুলিশের ‘চাঁদাবাজির’ প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আজ রোববার সকালে ট্রাকচালকেরা সড়ক অবরোধ করেন। শহরের প্রধান সড়কে এলোপাতাড়ি ট্রাক রেখে দেন তাঁরা।
ছবি: প্রথম আলো

হবিগঞ্জে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আজ রোববার সকালে ট্রাকচালকেরা সড়ক অবরোধ করেন। শহরের প্রধান সড়কে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এলোপাতাড়ি ট্রাক রেখে তাঁরা অবরোধ করেন। এতে শহরে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

ট্রাফিক পুলিশের দাবি, বৈধ কাগজপত্রহীন একটি মিনিট্রাক আটক করলে চালকেরা তা ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

জেলা ট্রাফিক পুলিশ ও ট্রাকচালক সমিতি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ট্রাফিক পুলিশ গত শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরে একটি মিনিট্রাক আটক করে সেটির কাগজপত্র দেখতে চায়। এ সময় ট্রাকচালক কাগজপত্র দেখাতে না পারায় ট্রাফিক পুলিশ ট্রাকটি তাদের জিম্মায় নিয়ে যায়। কাগজপত্র দেখিয়ে জেলা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে ট্রাকটি নিয়ে যেতে চালককে বলা হয়।

এদিকে আজ সকাল আটটায় বেশ কয়েকটি ট্রাকের চালক শহরের প্রধান সড়কে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এলোপাতাড়ি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন শহরবাসী। পরিস্থিতি দেখে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাফুজা আখতারসহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকদের সড়ক থেকে সরে যেতে বললেও তাঁরা তা মানেননি। সকাল সাড়ে নয়টায় পুলিশ এলোপাতাড়ি ট্রাকের চাবি সংগ্রহ করে নিজেরাই প্রধান সড়ক থেকে ট্রাকগুলো চালিয়ে সরিয়ে নেয়। সকাল ১০টার পর শহরে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাকচালক আরজু মিয়া ও সাদেক আলী প্রথম আলোর কাছে দাবি করেন, হবিগঞ্জের ট্রাফিক পুলিশ প্রায় সময় টাকার জন্য তাঁদের হয়রানি করে থাকে। কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও তারা জরিমানা করে চালকদের হয়রানি করে। এর প্রতিবাদ জানাতে চালকেরা আজ শহরে অবরোধের ডাক দেন।

পুলিশ চালকদের কাছ থেকে চাবি নিয়ে সড়ক থেকে ট্রাকগুলো সরিয়ে নেয়
ছবি: হাফিজুর রহমান

এসব অভিযোগের বিষয়ে হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, বৈধ কাগজপত্র ছাড়া একটি মিনিট্রাক আটক করাকে কেন্দ্র করে চালকেরা এমনটা করেছেন। চালকদের দাবি, হবিগঞ্জ শহরের কোনো গাড়ি আটক করা যাবে না।