সড়কে গাছের গুঁড়ির স্তূপ, দুর্ঘটনার শঙ্কা

পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের অন্তত ১০টি স্থানে বিভিন্ন গ্রাম থেকে গাছ কেটে এনে স্তূপ করে রাখা হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের ওপর কাঠের স্তূপ রেখে ট্রাকে তোলা হচ্ছে। গত সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায়
ছবি: প্রথম আলো

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গাছের গুঁড়ি স্তূপ করে রাখায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এভাবে গাছের গুঁড়ি স্তূপ করে রাখায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ও শিকদার মল্লিক ইউনিয়নের অন্তত ১০টি স্থানে বিভিন্ন গ্রাম থেকে গাছ কেটে এনে সড়কের ওপর স্তূপ করে রাখা হয়। এরপর সড়কের ওপর ট্রাক রেখে গাছের গুঁড়ি ট্রাকে তোলা হয়। ট্রাকভর্তি গাছের গুঁড়ি খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে যায়। কদমতলা গ্রামের মুহিত খান, নাসির মাঝি, মোতালেব মিয়াসহ স্থানীয় লোকজন কাঠের ব্যবসা করেন।

গত সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের কদমতলা, জুজখোলা, ভৈরমপুর, পাঁচপাড়া বাজার এলাকা, শিকদার মল্লিক গ্রামের হাওলা এলাকায় রাস্তার দুই ধারে গাছের গুঁড়ি স্তূপ করে রাখা হয়েছে। সড়কের ওপর ট্রাক রেখে গাছের গুঁড়ি তোলা হচ্ছে।

সদর উপজেলার ভৈরমপুর গ্রামের জিয়াউর রহমান বলেন, এই সড়ক দিয়ে ঢাকাসহ পিরোজপুর, নাজিরপুর, মাটিভাঙ্গা, পাটগাতির বিভিন্ন পথে বাস চলাচল করে। এ ছাড়া ট্রাক, ইজিবাইক, রিকশাভ্যান চলাচল করে। ব্যস্ততম এ সড়কের দুই পাশে গাছের স্তূপ করে রাখার কারণে পথচারীদের সমস্যা হয়। সড়কের ওপর দীর্ঘ সময় ট্রাক রেখে গাছ তোলার সময় যান চলাচলেও বিঘ্ন। যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে।

আয়শা আক্তার (১৪) নামের এক ছাত্রী বলে, ‘সড়কের পাশ দিয়ে হাঁটার স্থানে গাছের গুঁড়ি রাখা হয়। আমাদের বাধ্য হয়ে সড়কের মাঝবরাবর হাঁটতে হয়।’

এসব অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী মুহিত খান বলেন, ‘আমি গাছের গুঁড়ি সড়কের ওপর রাখি না। সড়কের পাশে রেখে দ্রুত ট্রাকে তুলে দিই।’

তবে নাম প্রকাশ না করার শর্তে দুজন কাঠ ব্যবসায়ী বলেন, সড়কের দুই পাশ ছাড়া গাছের গুঁড়ি রাখার জায়গা নেই। ট্রাক সব স্থানে নেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে সড়কের পাশে গাছ রেখে ট্রাকে তুলতে হয়।

সড়কের ওপর গাছ ট্রাকে তোলার ফলে মানুষ ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি বলেন, এটি বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

পিরোজপুর জেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বন বিভাগ কোনো কাঠবোঝাই ট্রাক থেকে চাঁদা নিচ্ছে না। অভিযোগটি সঠিক নয়। গত ১২ ডিসেম্বর অবৈধ প্রক্রিয়ায় গাছ আহরণ করায় ৪৮১ ঘনফুট কাঠসহ একটি ট্রাক আটক করা হয়। সড়কে কাঠ রেখে ট্রাকে তোলা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।