সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে থাকায় পাবনার বেড়া পৌর এলাকা পুরোপুরি বন্যামুক্ত। কিন্তু বন্যামুক্ত হলেও এ পৌরসভার বাসিন্দাদের প্রতিটি বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয়।
বৃষ্টিতে জমা নোংরা পানিতে পৌর এলাকার কিছু রাস্তাসহ অসংখ্য বাড়িতে দিনের পর দিন জলাবদ্ধতা থাকে। এতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় অনেকেই আক্রান্ত হন নানা রোগে। এবার বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ভোগ আরও প্রকট হয়েছে।
পৌরবাসী ও পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৯০ সালের আগে বেড়া পৌর এলাকাসহ উপজেলার বেশির ভাগ এলাকা প্রতিবছর বন্যার পানিতে প্লাবিত হতো। ১৯৯০ সালের দিকে বেড়া পৌর এলাকার উত্তর ও পূর্ব দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হওয়ার পর বেড়া পৌর এলাকা বন্যামুক্ত হয়। কিন্তু এরপর দেখা দেয় নতুন আরেক দুর্ভোগ। বাঁধ নির্মাণের কারণে পৌর এলাকার পানিনিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় প্রতিটি বর্ষা মৌসুমে সৃষ্টি হতে থাকে জলাবদ্ধতা।
পৌর কর্তৃপক্ষ জানায়, বেড়া পৌর এলাকার বেশির ভাগ এলাকা নিচু। বর্ষাকালে পৌর এলাকার বৃষ্টির পানি হুরাসাগর নদ হয়ে নিষ্কাশিত হওয়ার কথা। কিন্তু বর্ষায় হুরাসাগর নদের পানির উচ্চতা পৌর এলাকার জমে থাকা পানির উচ্চতার চেয়ে বেশি হওয়ায় পানিনিষ্কাশিত হতে পারে না।
পৌরসভার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, এই বেড়া পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয় ২০০৫ সালে। প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার ১৬ বছর পরও এ পৌরসভায় সুষ্ঠু পানিনিষ্কাশনের ব্যবস্থা গড়ে ওঠেনি। তবে পৌর এলাকায় প্রচুর নর্দমা ও রাস্তা নির্মিত হয়েছে। কিন্তু অপরিকল্পিতভাবে এগুলো নির্মিত হওয়ায় জলাবদ্ধতা না কমে বরং বছর বছর তা বেড়েই চলেছে। এবারের বর্ষায় কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা মারাত্মক রূপ নেওয়ায় দুর্ভোগের শেষ নেই পৌরবাসীর।
সরেজমিনে দেখা যায়, সানিলা, শেখপাড়া, বনগ্রাম, চরপাড়া, সান্যালপাড়া, শাহপাড়া, হাতিগাড়া, বরশিলা, মৈত্রবাঁধা, জোড়দহসহ বেশির ভাগ মহল্লায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতায় অনেকের বাড়ির উঠানে, এমনকি ঘরের ভেতরেও জমে রয়েছে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। বাড়ি থেকে বের হওয়ার রাস্তাগুলোও ডুবে রয়েছে পানিতে।
সানিলা মহল্লায় গিয়ে জানা যায়, জলাবদ্ধতায় এ মহল্লার তিন শতাধিক পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ মহল্লার জহুরা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে নোংরা পানি জমে রয়েছে। আরেকটু বৃষ্টি হলেই তাঁর ঘরে পানি যাবে।
জহুরা বেগম বলেন, ‘উঠানে পানি, রাস্তায় পানি। পচা পানির গন্ধে থাকা যায় না। অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা থাকলি আমরা এই এলাকা ছাইড়্যা চইল্যা যাইত্যাম।’
এদিকে ঘুরে দেখা গেছে, কর্দমাক্ত নোংরা পানি স্পর্শ করে যাতায়াত করায় অনেকেই চর্মরোগ, ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা অসুখে আক্রান্ত হয়ে পড়ছেন। এ ছাড়া জলাবদ্ধতায় অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
শেখপাড়া মহল্লার মালতী খাতুন, নাজির শেখ, ফুলমালা খাতুনসহ সাত-আটজন জানান, ঘর থেকে নামলেই নোংরা পানি। যাতায়াত করতে হলে এই পানি এড়ানোর কোনো উপায় নেই। এই পানি দিয়ে যাতায়াত করতে হয় বলে তাঁদের বাড়ির প্রায় সবার শরীরে চর্মরোগ দেখা দিয়েছে।
এ ব্যাপারে বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফিরোজুল আলম বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নদীর চেয়ে আমাদের পৌর এলাকা নিচু হওয়ায় জলাবদ্ধতা নিরসনে বেগ পেতে হচ্ছে। এরপরও জলাবদ্ধতা নিরসনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছি।’