সড়কে ট্রাক দাঁড় করিয়ে চলে মালামাল ওঠা-নামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই গাইবান্ধা শহরের ব্যস্ততম সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে মালামাল নামানো হয়। গত বৃহস্পতিবার বিকেলে শহরের ব্রিজ রোড থেকে তোলা ছবি l প্রথম আলো।
এভাবেই গাইবান্ধা শহরের ব্যস্ততম সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে মালামাল নামানো হয়। গত বৃহস্পতিবার বিকেলে শহরের ব্রিজ রোড থেকে তোলা ছবি l প্রথম আলো।

গাইবান্ধা শহরের ব্যস্ততম সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে প্রতিদিন মালামাল ওঠানো-নামানো হচ্ছে। ফলে যানজটের কবলে পড়ে শত শত মানুষ নাজেহাল হচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের কয়েকটি ব্যস্ততম সড়ক ঘুরে দেখা যায় ট্রাক থেকে মালামাল ওঠানো-নামানোর দৃশ্য। ব্যস্ততম সড়কের ওপর বড় বড় ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ট্রাক থেকে সিমেন্ট, লোহার রড, আটা, চিনির বস্তাসহ বিভিন্ন ধরনের মালামাল নামানো হচ্ছে। বিশেষ করে লোহার রড নামানোর সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শহরের সবচেয়ে ব্যস্ততম ডিবি রোড, ব্রিজ রোড, ভিএইড রোড, পলাশবাড়ী সড়কে এ ঘটনা বেশি।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য ট্রাক থেকে মালামাল ওঠানো-নামানো চলে। তবে গাইবান্ধা জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয় সূত্র জানায়, প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা এবং স্থানীয় মিলে ৩০০ থেকে ৪০০ ট্রাক থেকে প্রতিদিন সড়কে দাঁড়িয়ে মালামাল ওঠানো-নামানো করে থাকে। এদিকে ব্যস্ততম সড়কের ওপর মালামাল ওঠানো-নামানোর কারণে সব সময় যানজট লেগেই থাকছে। ফলে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা দুর্ভোগের কবলে পড়ছে। সদর উপজেলার খোলাহাটি গ্রামের স্কুলশিক্ষক আবু তালেব বলেন, ‘গত বুধবার বিকেলে অসুস্থ স্ত্রীকে নিয়ে সদর হাসপাতালের দিকে রওনা দিই। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক ধরে শহরে ঢুকতেই ব্রিজ রোডে যানজটে আটকে পড়ি। অপেক্ষায় থেকে ছটফট করতে থাকি। এক ঘণ্টা পর অটোরিকশা থেকে নেমে এগিয়ে গিয়ে দেখি, সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে মালামাল নামানো হচ্ছে। তাই যানজট। পরে পুলিশের হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর জট খুলল।’

গাইবান্ধা যুব নাগরিক ফোরামের আহ্বায়ক আনোয়ারুল কবির বলেন, এমনিতেই ব্রিজ রোডটি প্রশস্ত নয়। উপরন্তু দুই পাশেই অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এই অবস্থায় ট্রাক দাঁড় করিয়ে মালামাল ওঠানো-নামানোয় সীমাহীন যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক পুলিশের সামনে ট্রাকে মালামাল ওঠানো-নামানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) রায়হান ইবনে রহমান বলেন, ব্যস্ত সড়কের ওপর ট্রাক দাঁড়ানো বন্ধের জন্য অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির কারণে সম্ভব হয়নি। এ ছাড়া ট্রাকচালকদের সড়কে দাঁড়াতে নিষেধ করা হলে তাঁরা বলেন, ‘শহরে নির্দিষ্ট ট্রাকস্ট্যান্ড নেই। আমরা ট্রাক রাখব কোথায়?’ তাই বিষয়টি সমাধান করা যাচ্ছে না।

জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, প্রতিবছর জেলা শহরে যে হারে ট্রাক নামছে, সে হারে সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে না। উপরন্তু দুই পাশ থেকে ব্যস্ত সড়কের ফুটপাত বেদখল হয়ে যাচ্ছে। এ কারণে সড়কগুলো আরও সরু হয়ে গেছে। ফলে ট্রাক দাঁড়ালেই যানজট হচ্ছে। নির্দিষ্ট ট্রাকস্ট্যান্ড নির্মাণে গত মঙ্গলবার ট্রাকমালিকদের পক্ষ থেকে পৌর মেয়রকে জানানো হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, শহরে নতুন ট্রাকস্ট্যান্ড নির্মাণে জায়গা খোঁজা হচ্ছে। নির্ধারিত স্ট্যান্ড থাকলে এসব সমস্যা লাঘব হবে।