সড়কে ধানের চারা রোপণ করে ব্যবসায়ীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের মস্তফাপুর বাজারের প্রধান সড়কে ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
মাদারীপুরের মস্তফাপুর বাজারের প্রধান সড়কে ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

মাদারীপুরে একটি সড়কে ধানের চারা রোপণ করেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার সকালে সদর উপজেলার মস্তফাপুর বাজারের প্রধান সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে ব্যবসায়ীরা বলেন, সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের জন্য কোনো নালা (ড্রেন) নেই। বৃষ্টি হলেই এই সড়কে পানি ও কাদা জমে থাকে। এ কারণে সড়কটিতে বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে বাজারে প্রায় ৫০০ দোকান রয়েছে। দোকানমালিক ও ক্রেতাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ (ইউপি), উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের কাছে একাধিক আবেদন করার পরও তাঁরা এ বাজারের পানি নিষ্কাশনে ও সড়কটি সংস্কারের কোনো ব্যবস্থা নেননি।

সরোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা একাধিকবার এই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে বলেছি। তাঁরা আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পানি ও কাদা জমে থাকায় আমাদের দুর্গতি দিনে দিনে বেড়েই চলেছে।’

রফিক ইসলাম নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘বাজারে কাদা-পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমরা ধানের চারা রোপণ করে এই প্রতিবাদ জানিয়েছে। এরপর আরও বড় ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে।’

মস্তফাপুর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক রহিম মাতুব্বর বলেন, বৃষ্টি এলেই এই বাজারের ব্যবসায়ীদের কষ্ট বেড়ে যায় কয়েক গুণ। রাস্তাটি দিয়ে যাতায়াত করায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে। আমরা শিগগির রাস্তাটি সংস্কার ও এর পাশ দিয়ে নালা তৈরির দাবি জানাচ্ছি।’

মস্তফাপুর ইউনিয়নের বাজার এলাকায় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুর হোসেন বলেন, ‘আমরা একাধিকবার চেয়ারম্যানকে বলেছি। তিনি কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তবু আমরা স্থানীয় সরকারের কাছে আবেদন করেছি। আশা করছি, বর্ষার মৌসুম শেষ হলেই ড্রেন নির্মাণ ও রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে।’