সড়কে পড়ে যাওয়া গামছা তুলতে গিয়ে খই বিক্রেতা নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার খাটরা বিলওয়াই এলাকায় ট্রাকচাপায় এক খই বিক্রেতা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ওই এলাকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (৫৫)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাবাজার এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে।
ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, খই বিক্রেতা মোজাম্মেল হাজীগঞ্জ বাজারের চৌরাস্তা বিশ্বরোড এলাকা থেকে বলাখালে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে খাটরা বিলওয়াই এলাকায় এলে মোজাম্মেলের সঙ্গে থাকা গামছাটি সড়কে পড়ে যায়। এ সময় গামছাটি তুলতে গেলে পেছন থেকে আসা ইট বহনকারী দ্রুতগামী একটি ট্রাক মোজাম্মেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবাইর সৈয়দ বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়ে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।