সড়কে বাধা, বিকল্প পথে দৌলতদিয়া ঘাটে আসছে মানুষ
যাত্রীরা কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে সড়ক-মহাসড়ক এড়িয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ঘাটে আসছেন। পরে পণ্য পারাপারের ফেরিতে উঠে নদী পাড়ি দিচ্ছেন।
সড়কে প্রশাসনের কড়া নজরদারি। যানবাহন থামিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। কিন্তু দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড় কমছে না। নদী পাড়ি দিতে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলছে। তাই মহাসড়কে বাধা পাওয়া যাত্রীরা ঘাটে আসছেন বিকল্প পথে।
আজ বুধবার সকালে ঘাটে আসা বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে সড়ক-মহাসড়ক এড়িয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ঘাটে আসছেন। পরে পণ্য পারাপারের ফেরিতে উঠে নদী পাড়ি দিচ্ছেন।
দৌলতদিয়ার চারটি ঘাটেই ফেরি ভিড়ছে। দক্ষিণাঞ্চল থেকে আসা পণ্যবাহী যানবাহন ফেরিতে উঠছে। সেই সঙ্গে বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন ও যাত্রীরা ফেরিতে স্বাভাবিকভাবে পারাপার হচ্ছেন। পাশাপাশি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেও পণ্যবাহী গাড়ির সঙ্গে যাত্রী ও অন্যান্য যানবাহন দেখা যায়। অনেকে ঘাট থেকে ফেরি ছেড়ে দিলে তাতে ঝুঁকি নিয়েই উঠে পড়ছেন।
সরকারঘোষিত সাত জেলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। সকালে ঘাটে পৌঁছার আগে বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান দেখা যায়। এসব স্থানে চলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
সকালে ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকা ঘুরে অভিযান চালাচ্ছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে পুলিশের একাধিক দল বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। দক্ষিণাঞ্চল থেকে মাহিন্দ্র, প্রাইভেট কার, মাইক্রোবাসে করে অনেকে ঘাটে পৌঁছানোর চেষ্টা করছেন। এ ধরনের গাড়ি দেখলে পুলিশ গতিরোধ করে ফিরিয়ে দিচ্ছে। অনেক সময় এসব যানবাহনের যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাঁদের পায়ে হেঁটে ঘাটের দিকে যেতে দেখা যায়।
কুষ্টিয়ার পোড়াদহ থেকে মোটরসাইকেলে করে শাশুড়িকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বিদ্যুৎ বিভাগের শ্রমিক তারেকউজ্জামান। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তিনি বলেন, গত বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে শাশুড়িকে আনতে শ্বশুরবাড়ি যান। সেখানে থাকা অবস্থায় কঠোর লকডাউনের কথা শুনে উপায় না পেয়ে মোটরসাইকেলে করে শাশুড়িকে নিয়ে বুধবার ভোরে রওনা দেন। পথে বেশ কয়েকবার পুলিশের বাধার সম্মুখীন হন। তারপরও ঝক্কি-ঝামেলা সামাল দিয়ে ঢাকায় যাচ্ছেন।
ফরিদপুরের মধুখালী থেকে মহাসড়ক এড়িয়ে গ্রামের ভেতর দিয়ে দৌলতদিয়া ঘাটে আসেন আনোয়ার হোসেনসহ চারজন। আনোয়ার বলেন, রাস্তায় পুলিশ বাধা দিচ্ছে। তাই গ্রামের ভেতর দিয়ে অনেক পথ ঘুরে আসতে হয়েছে। নদী পাড়ি দিতে পারলে পাটুরিয়া থেকে রিকশা-ভ্যান রিজার্ভ করে গন্তব্য মানিকগঞ্জের ঘিওরে যেতে পারবেন।
দৌলতদিয়া টার্মিনাল–সংলগ্ন এলাকায় পুলিশের একটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীম। তিনি বলেন, নির্দেশনা আছে শুধু পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যানবাহন পারাপার হতে পারবে না। মাহিন্দ্র, অটোরিকশা, প্রাইভেট কার বা মাইক্রোবাসে করে অনেকে যাওয়ার চেষ্টা করছেন। তাঁদের বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে।