সোনাই নদের ভাঙনে সড়কের প্রায় ৬০ ফুট জায়গা ধসে পড়েছিল। এতে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী কাটা গাছের গোড়া ফেলে ও বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকম হেঁটে পারাপার হচ্ছিলেন। এবার স্থানীয় গ্রামবাসী ভাঙনের স্থানটি মেরামতে এগিয়ে এসেছেন। কাজ শুরু হয়েছে।
এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসী ও জনপ্রতিনিধিরা। মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী-বিহাইডর-ভট্টশ্রী সড়কের বোয়ালীতে পড়েছে এ ভাঙন। তবে কাজ কতটুকু টেকসই ও স্থায়ী হবে, তা নিয়ে সংশয় আছে উদ্যোক্তাদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলজিইডির অধীন সোনাই নদীর পাড় ঘেঁষে গেছে বোয়ালী-বিহাইডর-ভট্টশ্রী সড়ক। সড়কটি ২ দশমিক ৬৫০ কিলোমিটার দীর্ঘ। এই সড়ক উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে গিয়েছে। এই সড়ক দিয়ে বোয়ালী, বিহাইডর, ভবানীপুর, ভট্টশ্রী, উজানিপাড়া, সারোপারসহ সংশ্লিষ্ট এলাকার মানুষ চলাচল করে। সোনাই নদে প্রায় চার বছর ধরে এই এলাকায় একটু একটু করে ভাঙছে। ভাঙনে প্রায় ৬০ ফুট জায়গা ধসে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই এবার আর কারও অপেক্ষায় না থেকে তাঁরা ভাঙন মেরামতের কাজে এগিয়ে এসেছেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, আড়া বাঁধা শেষ হলেই গর্তটিতে ইট ফেলে ভরাট করা হবে। তারপর সেখানে ইট বিছিয়ে যান চলাচলের উপযোগী করা হবে। কিন্তু স্থানটি নদীতীর হওয়ার কারণে নিচের মাটি নরম। এখানে এ রকম আড়া দিয়ে বাঁধ তৈরি কতটা স্থায়ী ও টেকসই হবে, তা নিয়ে এখনই সংশয় তৈরি হয়েছে। তাঁরা স্থায়ীভাবে সোনাই নদের ভাঙনের স্থানগুলো মেরামতের দাবি জানিয়েছেন।
স্থানীয় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের জানিয়েছেন, বর্তমানে মন্ত্রী মহোদয়ের বিশেষ টিআর, তাঁর (চেয়ারম্যান) ব্যক্তিগত অনুদান ও গ্রামের মানুষ এবং প্রবাসীদের টাকায় কোনোমতে এটা চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।
বড়লেখা উপজেলা প্রকৌশলী মো. সামসুল হক ভূঞা বলেন, পাউবোর বিশেষজ্ঞ দলের পরামর্শক্রমে বাঁধ নির্মাণ না করা হলে এই রাস্তা রক্ষা করা যাবে না।
পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখাতারুজ্জামান বলেন, সরেজমিনে দেখে কাজ করে দেবেন।