সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন নারী
গাজীপুরের টঙ্গীতে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এক নারী। আজ রোববার সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। পুলিশ বলছে, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত ওই গৃহবধূর নাম স্বপ্না রায় (৩০)। তিনি ঝালকাঠি সদর থানার মনোরঞ্জন রায়ের মেয়ে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন স্থানে খাবার সরবরাহের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্বপ্না রায়ের সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে তিনি থাকতেন টঙ্গীর দত্তপাড়া এলাকার ওসমান গনি রোডের একটি ভাড়া বাসায়। সেখানে তিনি খাবার রান্না করে বিভিন্ন মেসে সরবরাহ করতেন। আজ সকাল ছয়টার দিকে দত্তপাড়ার হাউস বিল্ডিং এলাকায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন। দ্রুত তাঁকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, স্বপ্না রায় মেসের পাশাপাশি বিভিন্ন রিকশা গ্যারেজ ও দোকানে খাবার দিতেন। সেখান থেকেই পরিচয় হাউস বিল্ডিং এলাকার রিকশা গ্যারেজে কাজ করা এক ব্যক্তির সঙ্গে। ওই ব্যক্তি তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, স্বপ্না রায়ের ডান উড়ুতে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম বলা হচ্ছে না।