‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো/ শিক্ষার আলো চা-বাগানে জ্বালো...’ এ রকম স্লোগানের ফেস্টুন হাতে সড়কের পাশে দাঁড়িয়েছিল শতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্ম হলেন চা-শ্রমিক নারী-পুরুষেরা। শিক্ষার্থীদের কেউ কেউ সড়কে শুয়ে-বসেও প্রতিবাদ জানাল।
সিলেটের লাক্কাতুরা চা-বাগানে নতুন সরকারি উচ্চবিদ্যালয়ে চা-শ্রমিক পরিবারের সন্তানদের ভর্তির কোটার দাবিতে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবে প্রায় তিন ঘণ্টা কাটানোর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি আদায়ের আশ্বাস মেলে। আগামী তিন দিনের মধ্যে এ ব্যাপারে জেলা প্রশাসন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়টি চা-শ্রমিকদের জানাবে। দাবি আদায়ে আলোচনার আশ্বাসে কর্মসূচি তিন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। আজ রোববার চা-শ্রমিক প্রতিনিধিদের একটি দল ঢাকায় গিয়ে আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলোচনা করবে।
ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেট নগরের উত্তরে লাক্কাতুরা চা-বাগানের দুই একর জায়গা অধিগ্রহণ করে ২০১৩ সালের ২৩ নভেম্বর থেকে সিলেট সরকারি উচ্চবিদ্যালয় নামে নতুন বিদ্যালয় স্থাপনকাজ শুরু হয়। শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত কাজ শেষে ২০১৭ সাল থেকে বিদ্যালয়টি চালুর কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় স্থাপনকালে চা-বাগান এলাকা হওয়ায় ভর্তির ক্ষেত্রে চা-শ্রমিকদের বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছিল।
সম্প্রতি বিদ্যালয়ে নতুন ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হলে এতে চা-শ্রমিক পরিবারের পক্ষ থেকে কোনো সুবিধা রাখা হয়নি। এর পরিপ্রেক্ষিতে লাক্কাতুরাসহ সাতটি চা-বাগানের শ্রমিক পরিবারের সমন্বয়ে ভর্তির ক্ষেত্রে ৪০ ভাগ কোটার দাবিতে ৯ ডিসেম্বর সমাবেশ করে চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ।
চা-শ্রমিক নেতা রাজু গোয়ালা বলেন, কর্মসূচিস্থলে জেলা প্রশাসক গিয়ে আলোচনা করার আশ্বাস দেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ রোববার তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় গিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবে। পরে জেলা প্রশাসনের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। তিনি বলেন, তিন দিনের মধ্যে দাবির ব্যাপারে ঘোষণা না দিলে লাক্কাতুরাসহ সাতটি চা-বাগানের শ্রমিক পরিবার আন্দোলনে যাবে।