সড়কের একটি গর্ত, মরণফাঁদ, সংস্কারের দাবিতে বাঁশের বেড়া

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-কাজীপুর সড়ক দিয়ে প্রতিদিন বাস-ট্রাকসহ শত শত ভারী যানবাহন চলে। আশপাশের কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা এ সড়ক দিয়েই উপজেলা শহরে যাতায়াত করেন। এ ছাড়া উপজেলার সবচেয়ে বড় পশুর হাটে যেতেও এই সড়ক ব্যবহার করতে হয়।
কিন্তু কয়েক মাস আগে সড়কের বামন্দী বাজারসংলগ্ন বেশ কিছু এলাকায় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে প্রতিদিন যানবাহন আটকে বিকল হয়ে পড়ছে। পথচারীরা পড়েও আহত হচ্ছেন। সর্বশেষ গতকাল শনিবার বেলা তিনটার দিকে এক যুবক পড়ে আহত হন। তাতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই নিরুপায় হয়ে সংস্কারের দাবিতে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা রাজিবুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে সড়কটির এই জায়গায় পানি জমে প্রায় এক ফুট গভীর গর্তের সৃষ্টি হলেও সংস্কার না করায় সেটি বড় আকার ধারণ করেছে। রূপ নিয়েছে মৃত্যুফাঁদে। সড়কটি দিয়ে চলাচলরত যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি মেরামতের জন্য মেহেরপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদারকে বেশ কয়েকবার জানিয়েও কোনো লাভ হয়নি। তিনি সব সময় মেরামত করার মিথ্যা আশ্বাস দিয়েছেন।
গতকাল বিকেল চারটার দিকে স্থানীয় বাসিন্দারা সড়কে বাঁশের বেড়া বেঁধে ও লাল কাপড়ও টাঙানো হয়েছে। আগামী দুই দিন এভাবে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানানো হবে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
গাংনীর ইউএনও আরিফ উজ জামান বলেন, সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সমাধান হয়ে যাবে।