সড়কের ওপর পাটের আঁশ পাটকাঠি, ঘটছে দুর্ঘটনা
ব্যস্ত সড়ক। সড়কের ওপর বিছানো পাটের আঁশ। পাশে শুকানোর জন্য দাঁড় করে রাখা পাটিকাঠির সারি। এসবের মধ্য দিয়ে চলছে যানবাহন। এ চিত্র ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের। ব্যস্ত সড়কের ওপর পাটের আঁশ ও পাটকাঠি শুকানোর কারণে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের সদর উপজেলার ভেলাপুকুর থেকে মোলানী, বালিয়াডাঙ্গীর কালমেঘ থেকে হলদিবাড়িসহ বিভিন্ন স্থানে সড়কের পাশে চলছে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কর্মযজ্ঞ। পাটগাছ থেকে আঁশ ছাড়ানো শেষে সড়কেই শুকানো হচ্ছে ওই সব আঁশ ও পাটকাঠি। আবার পাটকাঠি শুকানোর পর সড়কের পাশেই সারি করে দাঁড় করে রাখা হয়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে নানা যানবাহন।
ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কের বাসচালক বিশ্বজিৎ রায় (৪৩) বলেন, এই পথে যাত্রীদের পৌঁছে দিতে মালিকপক্ষ তাঁদের সময় বেঁধে দেয়। কিন্তু মহাসড়কটি লোকজন দখল করে পাট ও পাটকাঠি শুকাতে দেওয়ায় নির্দিষ্ট গতিতে গাড়ি চালানো যায় না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, চলন্ত মোটরসাইকেলের চাকায় সড়কের ওপর বিছিয়ে দেওয়া পাট জড়িয়ে যাওয়ার পর ছিটকে পড়ে ১১ আগস্ট দুই আরোহী আহত হন। এ ছাড়া গতকাল শনিবার সদর উপজেলার ভেলাজান এলাকায় বাতাসে রাস্তার পাশে রাখা পাটকাঠি চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে আহত হন।
সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন (৪৭) বলেন, পাটের আঁশের ওপর দিয়ে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ। পাটের আঁশের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় চাকায় আঁশ জড়িয়ে যায়। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
সোমবার দুপুরে বালিয়াডাঙ্গীর কালমেঘ এলাকায় সড়কের ওপর পাটকাঠি শুকাচ্ছিলেন সাইফুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘সড়কের পাশের জলাশয়ে পাটগাছ জাগ দিয়ে আঁশ ছাড়ানোর পর তা বাড়িতে নিয়ে শুকানো কষ্টকর হয়ে যায়। তাই পাটগাছ থেকে আঁশ ছাড়ানোর পর সড়কেই তা শুকিয়ে নিচ্ছি।’
সদর উপজেলার ভেলাজান এলাকায় সড়কের ওপর পাট ও কাঠি শুকাতে ব্যস্ত সুজন রায় (৪৪) বলেন, ‘হামরা ছোট কৃষক, হামার বাড়িত পাট শুকাবার জায়গাও নাই। রাস্তা আছে বলিয়াই হামরা পাট শুকাবা পারছু।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, এলাকার কৃষকেরা ধান, গম, এমনকি পাট মৌসুমেও সড়ক দখলে নিয়ে ফসল শুকাতে দেন। এটা কোনোভাবেই ঠিক নয়। এমন কর্মকাণ্ড বন্ধ করতে উদ্যোগ নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, সড়ক-মহাসড়কে নির্বিঘ্নেœযান চলাচলে অভিযান চালানো হবে।