সড়কের ধারে উন্নয়নের লালচে ধুলার আস্তরণ

ছয় মাস ধরে সড়কে খোয়া বিছিয়ে রাখা হয়েছে। সেগুলো গুঁড়া হয়ে লালচে ধুলার আস্তরণ পড়েছে পাশের গাছপালা ও বসতবাড়ির দেয়ালে।

সড়কে বিছিয়ে রাখা হয়েছিল খোয়া। গুঁড়া হয়ে যাওয়া খোয়ার ধুলা জমছে গাছ, বসতবাড়ির দেয়ালে। গত মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের ইয়াকুবপুরেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটের খোয়া দীর্ঘদিন ধরে বিছিয়ে রাখা হয়েছে সড়কে। যানবাহনের চাকার আঘাতে খোয়াগুলো গুঁড়া হয়ে গেছে। বাতাসে ধুলা উড়ে জমেছে দুই পাশের গাছপালায়। সবুজ পাতায় এখন লালচে ধুলার আস্তরণ।

এমন চিত্র ঠাকুরগাঁও শহর থেকে ফাঁড়াবাড়িহাটগামী সড়কে। এই সড়কের দুই পাশে আছে বসতবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ ও মসজিদ। ইটের গুঁড়ার ধুলায় দুর্ভোগের যেন শেষ নেই পথচারী ও স্থানীয় মানুষের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট (আরসিআইপি)’-এর আওতায় ঠাকুরগাঁও পৌর শহরের কবরস্থান থেকে ফাঁড়াবাড়িহাট পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ১০ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৭৬ টাকা চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ডি ই-আর-বি-জেভি নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০২০ সালের ১৪ জুলাই ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক উন্নয়নের কাজ শুরু করে। চলতি বছরের ১৩ জানুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও, ঠিকাদার প্রতিষ্ঠানটি ইটের খোয়া বিছানোর পর ছয় মাস ধরে তা ফেলে রেখেছেন।

সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন পরে থাকায় রাস্তায় বিছানো খোয়া গুঁড়া হয়ে ধুলায় পরিণত হয়েছে। যানবাহন চলাচল করলে বাতাসে তা উড়ে রাস্তার পাশের গাছপালা, বসতবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ, মসজিদ, ঝোপঝাড়ের ওপর পড়ছে। ঝোপঝাড় ও গাছপালার পাতায় লালচে আস্তরণ পড়েছে। পাল্টে গেছে বসতবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ, মসজিদের দেয়ালের রং।

মোটরসাইকেলে এই সড়ক ধরে যাচ্ছিলেন দুই যুবক হারুন আর রশিদ ও আফতাব উদ্দিন। তাঁদের পরনে ছিল কালো জ্যাকেট। ধুলা লেগে তা লালচে হয়ে গেছে। পথে থেমে পোশাক থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে আফতাব উদ্দিন বলছিলেন, ‘কাপড়চোপড় সব শেষ হয়ে গেছে। এত ধুলায় মানুষ চলে কেমন করে।’

এই সড়ক থেকে ফিরে এসে কথা হয় বক্ষব্যাধি চিকিৎসক ও ঠাকুরগাঁওয়ের সাবেক সিভিল সার্জন আবু মো. খায়রুল কবীরের সঙ্গে। বলেন, ধুলার ফাইন পার্টিকেল ফুসফুস, কিডনির ক্ষতি করে। ধুলার সিলিকন শিশুদের ফুসফুস শক্ত করে দেয়। ব্লাড ক্যানসারের ঝুঁকি তৈরি করে। এ ছাড়া অ্যালার্জিজনিত ঠান্ডা, কাশি, চোখের সমস্যাও হতে পারে।

সড়কের বর্তমান চিত্র নিয়ে কথা বলতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় ঠিকাদার রাম বাবুর সঙ্গে। তবে তিনি ফোন ধরেননি। ঠিকাদারের প্রতিনিধি আল সাব্বির বলেন, সড়কটিতে কেবল কার্পেটিংয়ের কাজ বাকি আছে। বিটুমিন-সংকট থাকায়, তা করা যাচ্ছে না। এ অবস্থায় উন্নয়নকাজের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।

জানতে চাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মণ্ডল প্রথম আলোকে বলেন, ধুলার কারণে মানুষের দুর্ভোগের বিষয়টি তিনি জানেন। ধুলা থেকে রক্ষায় ঠিকাদারের লোকজনকে নিয়মিত পানি দিতে বলা হয়েছে। এখনে তাঁরা কোনো ফাঁকি দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখবেন।