সড়কের পাশে বেচাকেনা, ভোগান্তিতে মানুষ

দোকান বসায় উপজেলার ২২ কিলোমিটারের কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ধরনের পণ্য নিয়ে মহাসড়কের পাশ দখল করে আছে ক্রেতা-বিক্রেতা। এতে সৃষ্টি হচ্ছে যানজট। গত শুক্রবার ময়মনসিংহের ভালুকার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহাসড়কের পাশে পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা উপজেলার ২২ কিলোমিটারের কয়েকটি স্থানে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ।

২০১৬ সালের জুলাই মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি চার লেনে উন্নীত করা হয়। চার লেন চালুর পর এ মহাসড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনের দুর্ভোগ লাঘব হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে বসতে শুরু করেন অস্থায়ী দোকানিরা। ওই চার লেন সড়কের এক লেন করে দুই পাশে যান চলাচল করে। বাকি রাস্তাসহ ফুটপাত দখলে থাকে দোকানি ও ক্রেতাদের। এতে শুরু হয় যানজট। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।

উপজেলার সীডস্টোর ও স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গত শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে দোকানগুলো বসতে শুরু করেছে। কারও কারও পণ্য সাজানোর কাজ শেষ, আবার কেউ কেউ সাজাচ্ছেন। পাশেই শাকসবজি, পেঁয়াজ, রসুন ও বিভিন্ন প্রকার ফলের দোকান। এর মধ্যেই সড়কে থেমে থেমে যানজটও তৈরি হতে শুরু করে।

দোকানি, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সীডস্টোর বাসস্ট্যান্ড ও স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দোকানিরা বসছেন। এ সময় ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে রাস্তাটি সরু হয়ে পড়ে। এর ফলে প্রতিদিনই বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে যান চলাচল করে। অনেক সময় রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। উপজেলার ৮০ ভাগ শিল্পকারখানাই সীডস্টোর ও

মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত। ফুটপাতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকায় সন্ধ্যার পর শ্রমিকদের বাসায় ফিরতে বিড়ম্বনায় পড়তে হয়।

সড়কে পণ্যের পসরা নিয়ে বসার বিষয়ে জানতে চাইলে অস্থায়ী দোকানি মো. হালিম বলেন, সড়কের মধ্যে বেচাকেনা ভালো জমে। জামানত দিয়ে স্থায়ী দোকান নেওয়ার মতো টাকাও তাঁদের নেই। তাই রোদ, বৃষ্টির মধ্যেও পণ্য নিয়ে রাস্তার পাশেই বসেন।

জানতে চাইলে সীডস্টোর বাজার সমিতির সভাপতি শাহাব উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ছিন্নমূল কিছু ব্যবসায়ী আছেন, যাঁরা সড়কের পাশে ব্যবসা করেন। তাঁদের রাস্তার পাশে না বসার জন্য একাধিকবার বলা হয়েছে, তাঁরা শোনেননি। ওই ব্যবসায়ীরা সীডস্টোর বাজার সমিতির সদস্যও নন।

সড়কে দোকানিদের বসার বিষয়ে ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ প্রথম আলোকে বলেন, তিনি ভালুকায় সদ্য যোগদান করেছেন। তবে সকালে সরালে বিকেলে

আবার দোকান নিয়ে বসে পড়েন দোকানিরা। এরপরও সড়ক থেকে দোকানিদের সরানোর প্রক্রিয়া চলমান রয়েছে।