সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে চলছে সংস্কারকাজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি-দেওয়ানজীকান্দি সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটিছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আদুরভিটি-দেওয়ানজীকান্দি সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সংস্কারকাজ চলছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। স্থানীয় লোকজন অবিলম্বে ওই খুঁটি সরিয়ে যথাযথভাবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

ছেংগারচর পৌরসভার কার্যালয় সূত্র জানায়, আদুরভিটি-দেওয়ানজীকান্দি সড়কটি প্রায় দুই কিলোমিটার। ওই পাকা সড়কের সংস্কার শুরু হয় গত আগস্টে। এক কোটির টাকার ওই কাজ করছে আন্না এন্টারপ্রাইজ নামে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির মাঝখানে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে।

সম্প্রতি আদুরভিটি এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি। ওই খুঁটি রেখেই সেখানে সংস্কার চলছে।

সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুল লতিফ বলেন, গত তিন মাসে সড়কটির ওই স্থানে ১৫-১৬টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।

পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে পানি সেচ ও নিষ্কাশনের জন্য ওই খুঁটি থেকে ১১ হাজার কিলোভোল্টের বৈদ্যুতিক সংযোগ প্রকল্পটির কালীপুর পাম্প হাউসে সংযুক্ত করা হয়েছে। সড়কটি সংস্কারের আগে ওই খুঁটি সরাতে পাউবো কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হলেও সেটি সরানো হয়নি।