সড়কের মাঝে বিলবোর্ডের খুঁটি, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের টাউন হল মোড়ে আবদুল মালেক উকিল সড়কের (প্রধান সড়ক) মাঝখানে স্থাপন করা হয়েছে বিলবোর্ডের খুঁটি। এ কারণে সেখানে ঘটছে দুর্ঘটনা। গত শুক্রবার দিবাগত রাতেও সেখানে দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, প্রায় তিন বছর আগে শহরের টাউন হল মোড়, মোহাম্মদীয়া মোড় ও জামে মসজিদ মোড়ে তিনটি বিশাল আকৃতির বিলবোর্ড স্থাপন করা হয়। মোহাম্মদীয়া মোড় ও জামে মসজিদ মোড়ে সড়কের দুপাশে মোটামুটি জায়গা আছে। কিন্তু টাউন হল মোড়ে সড়কের দুপাশে তেমন জায়গা না থাকায় বিলবোর্ড স্থাপনের পর থেকে সেখানে দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতেও একটি ট্রাক বিলবোর্ডের খুঁটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারীসহ তিনজন কমবেশি আহত হন। এর আগেও একই স্থানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটনা ঘটে। বেশির ভাগ দুর্ঘটনাই ঘটে রাতের বেলায়।
স্থানীয় লোকজন বলেন, বিলবোর্ড অপসারণ কিংবা দুর্ঘটনা রোধে অন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সড়কটি দিয়ে চলাচলকারী পিকআপ ভ্যানের চালক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সড়কটিতে কোনো বিভাজক (ডিভাইডার) নাই। তার মধ্যে রাস্তার মাঝখানে বিলবোর্ড বসানো হয়েছে। রাতে দূর থেকে সড়কের মাঝখানে বসানো বিলবোর্ডের খুঁটি সেভাবে দেখা যায় না। অনেক সময় খুঁটি দ্রুতগতিতে আসা গাড়ির চালকদের দৃষ্টি এড়িয়ে যায়। তখন দুর্ঘটনা ঘটে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা প্রথম আলোকে বলেন, বিলবোর্ডের খুঁটির কারণে দুর্ঘটনা ঘটছে কি না, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান বলেন, আগের মেয়রের সময় বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। তিনি বলেন, তিনি সকালে দুর্ঘটনাস্থল দেখেছেন। বিলবোর্ডের খুঁটিই যদি দুর্ঘটনার কারণ হয়, তাহলে অবশ্যই তা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।