‘হঠাৎ আইসা আমার পোলাডারে কোপাইয়া মাইরা ফালাইলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে নিহত কাওসার দর্জির স্বজনদের আহাজারি। শনিবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন–পরবর্তী সহিংসতায় কাওসার দর্জি (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউপির ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার একই ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকার ইদ্রিস দর্জির ছেলে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে জয়ী হন ইকবাল দর্জি। পরাজিত হন আবদুল আলিম দর্জি। এরপর তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ হয়। পরে গতকাল রাত সাড়ে সাতটার দিকে ঝিকরহাটি এলাকায় পরাজিত প্রার্থী আবদুল আলিম দর্জি তাঁর লোকজন নিয়ে ইকবাল দর্জির সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় বেশ কয়েকটি দোকানপাট, বসতঘরে ভাঙচুর ও কয়েকটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে আহত হন কাওসারসহ পাঁচজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান কাওসার দর্জি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে কাওসারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পায়ে ধারালো অস্ত্রের বড় জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

কাওসারের মৃত্যুর খবরে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে আহাজারি করছিলেন তাঁর স্বজনেরা। তাঁর বাবা ইদ্রিস দর্জি আহাজারি করতে করতে বলেন, ‘আমার ছোট ছেলে আমাগো দোকানে বসা ছিল। কাউকে হামলা করতে যায় নাই। হঠাৎ আলিম দর্জির লোকজন আইসা আমার পোলাডারে চোখের সামনে কোপাইয়া মাইরা ফালাইলো। আমার পোলার হত্যাকারীগো বিচার চাই।’

কাওসারের বোন চাঁদনি আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ভাইডারে ওরা মারলো ক্যান? আমার ভাইডারে ফিরাইয়া দাও। আমার ভাইরে না নিয়া হাসপাতাল থিকা কোথাও যামু না।’

কাওসারের মৃত্যুর খবরে হাসপাতালে যান ঘটমাঝি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল দর্জি। রাত ১১টার দিকে তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনে আলিম দর্জি হেরে যাওয়ার পর থেকেই আমার সঙ্গে একের পর এক ঝামেলা করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে একদল সন্ত্রাসী নিয়ে তিনি হামলা চালিয়ে আমাদের সব তছনছ করে দিছেন। আমার এক কর্মী নিহত হয়েছেন। আমরা অপরাধীদের বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল আলিম দর্জি বলেন, ‘আমার কোনো লোকজন সংঘর্ষের সূত্রপাত করেনি। ইকবাল নতুন মেম্বার হয়ে আমাকে এলাকা ছাড়া করতেই আমার লোকদের ওপর হামলা চালায়। কিন্তু কাওসারকে আমার কোনো লোকজন কুপিয়ে হত্যা করেনি। আমাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে।’

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, দুই পক্ষের বিরোধের জেরে কাওসারকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। পুরো এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।