হঠাৎ উধাও শিঙাড়া...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়ার জামাল মিয়ার চা দোকান। আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তিনি এক সপ্তাহ ধরে শিঙাড়া বিক্রি বন্ধ করে দিয়েছেন
প্রথম আলো

জামাল মিয়া কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়ার একজন চা–দোকানি। টানা ৩০ বছর ধরে চায়ের সঙ্গে পুরি, শিঙাড়া ও পিঠা বিক্রি করে আসছেন তিনি। অন্য সবের চেয়ে তাঁর দোকানের শিঙাড়ার চাহিদা একটু বেশি। ফলে জামালের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিঙাড়া থাকেই। তবে জামাল এক সপ্তাহ ধরে শিঙাড়া বানাচ্ছেন না।
জানতে চাইলে জামাল মিয়া বলেন, ‘কেমনে বানামু? আলুর দাম ৫০ টেহার ওপর। শিঙাড়া বেছি তিন টেহা। একেকটা শিঙাড়ায় খরচ আছে পাঁচ টেহা। আবার তিন টেহারটা পাঁচ টেহা বেচলে খাইতে চায় না।’

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু জামাল মিয়াই নন, ভৈরবের বেশির ভাগ হোটেল ও চায়ের দোকান থেকে শিঙাড়া এখন প্রায় উধাও হয়ে গেছে। আলুর দাম বেড়ে যাওয়াই এর কারণ বলে বিক্রেতারা জানালেন।

শিঙাড়া
ফাইল ছবি

মনির মিয়া পেশায় কাঠমিস্ত্রি। জামাল মিয়ার দোকানের পাশেই তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। জানালেন, দিনে একাধিকবার শিঙাড়া খাওয়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামালের দোকানে তাঁর সঙ্গে দেখা। তিনি বসে চা পান করছিলেন। তবে ছিল না কোনো শিঙাড়া। জানতে চাইলে মনির বলেন, ‘দুইটা শিঙাড়া, এক গ্লাস পানি আর এক কাপ চা খাইলে কয়েক ঘণ্টা ভোগ (খিদে) লাগে না। আলুর দাম এহন মুখের স্বাদ কাইড়া নিছে।’

হজরত আলীর চায়ের দোকানে ঢুঁ মেরেও একই চিত্র দেখা গেল। জানতে চাইলে তিনি আলুর দাম বাড়ার কথাই জানালেন। বললেন, আলুর দাম বাড়ার কারণে এর আগে শিঙাড়া বানানো বন্ধ রাখার কথা মনে করতে পারেননি তিনি।