হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বগুড়া স্টেশনে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন চলাচল বন্ধের খবর পেয়ে অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে অনেক যাত্রীদের দুপুর পর্যন্ত ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আজ দুপুরে বগুড়া রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রানিং স্টাফদের ডাকা ধর্মঘটে আজ বুধবার প্রায় আধাবেলা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। ধর্মঘটের কারণে হঠাৎ করে আজ ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বগুড়ার সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন।

আজ ভোরে হঠাৎ করেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেন ট্রেনচালকেরা। এতে সারা দেশে রেলপথে অচল অবস্থার সৃষ্টি হয়। তবে দাবি পূরণে রেলপথমন্ত্রী নূরুল ইসলামের আশ্বাসের পরই আজ দুপুরে আবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রানিং স্টাফরা।

তবে ধর্মঘট প্রত্যাহার হলেও আজ সারা দিন ঢাকা–সান্তাহার–লালমনিরহাট রুটে লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেন চলবে না। লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ফারুকুল ইসলাম বলেন, ধর্মঘটের কারণে আজ ভোর থেকে কোনো ট্রেন ছাড়েনি। ফলে ট্রেনগুলোর ইঞ্জিন লালমনিরহাট অথবা কমলাপুর স্টেশন প্রান্তে বসে আছে। ফলে ওই ট্রেনগুলো আজ ছাড়ার সুযোগ নেই। আগামীকাল যথাসময়ে আবার সব ট্রেন চলবে। তবে আজ দুপুরে কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশে লালমনি এক্সপ্রেস ছেড়ে যাবে। আর রাতে রংপুর এক্সপ্রেস পূর্ব নির্ধারিত সময়ে যাত্রা শুরু করবে।

আজ সকালে বগুড়া রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, কাঙ্ক্ষিত ট্রেন ধরতে যাত্রীরা স্টেশনে এলেও ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন। অনেক যাত্রীদের দুপুর পর্যন্ত ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বগুড়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে বেলা দুইটা পর্যন্ত স্টেশনে কোনো ট্রেন পৌঁছায়নি, কোনো ট্রেন ছেড়েও যায়নি। সর্বশেষ আজ ভোর ৪টা ৫৭ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এরপর আর কোনো ট্রেন স্টেশনে ভেড়েনি।

বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন ধরার জন্য সকালে বগুড়া স্টেশনে আসেন আজিজুল হক কলেজের ছাত্রী দ্বীপা সাহা। তিনি বলেন, ট্রেনে তিনি গাইবান্ধার কামারপাড়ায় যাবেন। বাড়িতে যাওয়ার জন্য সকালে স্টেশনে আসেন। কিন্তু স্টেশনে এসে জানতে পারেন, ট্রেন চলাচল বন্ধ। এখন অপেক্ষা করছেন। যদি ট্রেন না চলে তাহলে বাসে যাবেন।

সান্তাহারগামী যাত্রী সাইফুর রহমান বলেন, সান্তাহারে যাওয়ার জন্য সকাল থেকে তিনি স্টেশনে অপেক্ষা করছেন। ধর্মঘট উঠে গেলেও আজ দুপুরের মধ্যে বগুড়া স্টেশনে কোনো ট্রেন আসবে না বলে জেনেছেন। এখন বিকল্প উপায়ে সান্তাহার যাবেন বলে জানান তিনি।

বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, রেলের রানিং স্টাফদের ধর্মঘটে লোকোমাস্টাররা কোনো ইঞ্জিন বের হতে দেননি। এতে ভোর থেকে পূর্ব নির্ধারিত কোনো ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছায়নি। আগাম টিকিট কেটে অনেক যাত্রী ট্রেন না পেয়ে টাকা ফেরত নিতে এসেছেন। কিন্তু এখনো টিকিটের টাকা ফেরতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। লালমনি ও রংপুর এক্সপ্রেস ছাড়া আজ সারা দিন ঢাকা-সান্তাহার-লালমনিরহাট রুটে কোনো ট্রেন চলবে না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনচালক, সহকারী চালক, গার্ড ও টিটিরা ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের হিসাব ধরে বাড়তি অর্থ পেতেন। এ ছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫ শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। গত বছরের ৩ নভেম্বর এসব সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।