হঠাৎ ধর্মঘটের ডাক দেওয়া সত্ত্বেও আটকা পড়া ৮০০ লঞ্চযাত্রী রক্ষা পেলেন
লঞ্চমালিক কর্তৃপক্ষ আজ শনিবার দুপুরে হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে আটকে পড়ে ৮০০ যাত্রী, যার বেশির ভাগই ছিল পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলাসহ দূরদূরান্ত থেকে আগত ঢাকামুখী যাত্রী।
লঞ্চমালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমদ দুপুরে ঢাকায় তাঁদের এক সভা থেকে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে লঞ্চভাড়া বৃদ্ধির দাবিতে সারা দেশে লঞ্চ ধর্মঘট আহ্বান করেন। ওই মালিকেরই ঢাকামুখী সোনার তরী-৪ লঞ্চ চাঁদপুর ঘাটে ছিল। বেলা ২টা ৪০ মিনিটে লঞ্চটি ছাড়ার কথা ছিল। বেলা ৩টা ৪০ মিনিটে সোনার তরী–৪ ও সোনার তরী নামের আরেকটি লঞ্চ আর ছাড়েনি। ফলে দুটি লঞ্চের প্রায় ৮০০ যাত্রী চাঁদপুর ঘাটে আটকা পড়ে। পরে ওই ঘাটে অবস্থানরত বোগদাদীয়া-৭ লঞ্চটি এসব যাত্রীদের নিয়ে বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বোগদাদীয়া-৭ লঞ্চের সুপারভাইজার আবদুল কাদির বলেন, ‘ঘাটে কোনো যাত্রী না থাকলেও আমরা লঞ্চটি নিয়ে চাঁদপুর ত্যাগ করতাম। কারণ, আমাদের কাছে মালিকপক্ষের কাছ থেকে ধর্মঘট পালনের কোনো মেসেজ আসেনি।’
লঞ্চমালিক সমিতি দুপুরে ঢাকায় তাঁদের এক সভা থেকে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে লঞ্চভাড়া বৃদ্ধির দাবিতে সারা দেশে লঞ্চ ধর্মঘট আহ্বান করেন।
ঢাকামুখী লঞ্চযাত্রী লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা আকমল হোসেন বলেন, ‘বেলা ৩টা ৪০ মিনিটে সোনার তরীতে করে আমি আমার পরিবার-পরিজন নিয়ে ঢাকায় যাওয়ার জন্য আসি। টিকিটও কাটি। কিন্তু হঠাৎ করে ধর্মঘটের ডাক আসায় আমাদের লঞ্চ থেকে নামিয়ে টিকিটের টাকা ফেরত দিয়ে দেয়। এভাবে প্রায় ৪০০ যাত্রীকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়ায় সবাই চরম বিপাকে পড়ে। তবে চাঁদপুর ঘাটে অবস্থানরত বোগদাদীয়া-৭ বিকেল পাঁচটায় আমাদের ঢাকায় নিয়ে যাবে বলে আশ্বস্ত করলে অধিকাংশ যাত্রী এতে উঠে পড়ি।’
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক কায়সারুল ইসলাম বলেন, ‘লঞ্চের মালিকপক্ষ কোনো পূর্বঘোষণা ছাড়াই অসময়ে লঞ্চ ধর্মঘট আহ্বান করায় কয়েক শ যাত্রী এখানে আটকে পড়ে। পরে আমরা বিকেল পাঁচটার দিকে ওই যাত্রীদের বোগদাদীয়া-৭ লঞ্চে উঠিয়ে দিই। এ ছাড়া আরও কিছু যাত্রী আসায় ইমাম হাসান-৭ লঞ্চটিও আমরা ঢাকায় পাঠানোর ব্যবস্থা করি।’
এদিকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা থেকে বেশ কয়েকটি লঞ্চও যাত্রীবোঝাই করে চাঁদপুর ঘাটে ভেড়ে। তবে চাদপুরে সড়কপথে বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজিচালিত প্রায় ১০ হাজার অটোরিকশা যাত্রীদের পরিবহন করছে।