হঠাৎ ধসে পড়ল হিমাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত মোকাম কোল্ডস্টোরেজ লিমিটেডের পাঁচতলা ভবনের দক্ষিণ-পশ্চিম অংশ হঠাৎ ধসে পড়েছে। এতে ৪১ হাজার বস্তা আলু ক্ষতিগ্রস্ত ও গ্যাসলাইন ফেটে অ্যামোনিয়া গ্যাসের চাপে ১০টি গরু মারা গেছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে কাবিলা বাজারে মোকাম কোল্ডস্টোরেজ লিমিটেড। ১৯৮০ সালে ওই কোল্ডস্টোরেজ নির্মাণ করা হয়। এরপর ২০০৫ সালে পাঁচতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়। গতকাল সকাল ছয়টায় হিমাগারের দক্ষিণ–পশ্চিম কোণে হঠাৎ করে বিকট শব্দে ধসে পড়ে। এরপর হিমাগারের গ্যাসের পাইপলাইন ফেটে গ্যাস নির্গত হয়। এই সময় গ্যাসের চাপে হিমাগারের পেছনে থাকা সিয়াম ডেইরি ফার্মের ১০টি গরু মারা যায়। একই সঙ্গে ৪১ হাজার বস্তা আলু ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ার সময় হিমাগারে মানুষজন ছিল না। খবর পেয়ে কুমিল্লা ও চান্দিনার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, হিমাগারের দক্ষিণ–পশ্চিম কোণে ভবন ধসে রয়েছে। সেখানে সরু রড পড়ে আছে। ইট, সুরকি পড়ে আছে। হিমাগার থেকে গ্যাস নির্গত হচ্ছে। ক্ষণে ক্ষণে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

হিমাগারের ব্যবস্থাপক গৌরাঙ্গ নন্দী বলেন, এটি ১৯৮০ সালে নির্মিত। ২০০৫ সালে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হয়। হঠাৎ করে এটি ধসে পড়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হিমাগারে আলু রাখা ব্যবসায়ীরা। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পাঁচতলা ওই ভবনে নিম্নমানের সম্প্রসারণ কাজ হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। হিমাগারে আলু রাখা ব্যবসায়ী ইউনুস মিয়া বলেন, ‘হিমাগারে আলু রেখেছি। এখন তো আমার সবই গেল।’

হিমাগার ভবনের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার বলেন, ‘কেন ধসে পড়ল, আমরা বুঝতে পারছি না।’ নিম্নমানের কাজ হয়নি বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপপরিচালক শরিফুল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছি। পাশের খামারের বেশির ভাগ গরু জীবিত ছিল।’