হঠাৎ বিকট শব্দে মালবাহী ট্রাকসহ ভেঙে পড়ল সেতু
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মালবাহী ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী এলাকার মুন্সিগঞ্জ-টঙ্গিবাড়ী-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েছেন। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা যায়, সেতুটি পুনরায় চালু হতে দুই থেকে তিন দিন সময় লাগবে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দিবাগত রাতে সোয়া ১২টার দিকে ঘোলতলী বাজার এলাকার লোকজন হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে দেখা যায়, গাছের গুঁড়িবোঝাই বড় একটি ট্রাক সেতুসহ খালের পানিতে ভেঙে পড়েছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন গাড়িচালক ও তাঁর সহকারীকে উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, সেতুটির মধ্যখান থেকে ভেঙে পানিতে পড়ে আছে। আর গুঁড়িবোঝাই ট্রাকটি ডুবে গেছে। সেতু ভেঙে যাওয়ার খবর না জেনে অনেক যাত্রী ও চালকেরা সেতুর দুই পাশ থেকে ফিরে যাচ্ছেন।
সাইদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, সেতুটি সরু ছিল। কোনো বড় গাড়ি সেতুতে উঠলে অন্য গাড়িগুলোকে সেতুর অপর প্রান্তে অপেক্ষা করতে হতো। সেতুতে গাড়ি উঠলেই সেতুটি নড়াচড়া করত। অনেক দিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেতুটি ভেঙেই পড়ল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ প্রথম আলোকে বলেন, বেইলি সেতু ভেঙে পড়ার খবর পেয়ে দিবাগত রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মূলত সেতুটি জরাজীর্ণ ছিল আর অতিরিক্ত ওজনের কারণেই ভেঙে পড়েছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও লৌহজং—এই তিন উপজেলার মানুষ এই সেতুটি ব্যবহার করে। এই পথ দিয়ে নিয়মিত বড় মালবাহী যানবাহন চলাচল করে। এখানে বেইলি সেতু স্থাপন করা হলে আবার দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। মানুষের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে পাকা সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল আজ সকালে প্রথম আলোকে বলেন, ট্রাকটি বালিগাঁও থেকে লৌহজংয়ের দিকে যাচ্ছিল। ট্রাকচালক ও তাঁর সহকারী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও আবদুল আউয়াল বলেন, লৌহজং উপজেলায় ভেঙে যাওয়া সেতুসহ পাঁচটি বেইলি সেতু আছে। এ সেতুগুলোর জায়গায় কংক্রিটের সেতু নির্মাণের ব্যাপারে সওজকে জানানো হয়েছে। ভবিষ্যতে কংক্রিটের সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।
জানতে চাইলে মুন্সিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা প্রথম আলোকে বলেন, ট্রাক উদ্ধার ও বেইলি সেতু পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট লোকজনকে খবর দেওয়া হয়েছে। সড়কপথে যোগাযোগ চালুর জন্য আবারও এখানে বেইলি সেতু স্থাপন করা হবে। তবে সেতুটি পুনরায় চালু হতে দুই থেকে তিন দিন সময় লাগবে।