হঠাৎ মোটরসাইকেল আছড়ে পড়ে গায়ে, প্রাণ গেল বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবুল কাশেম (৭০) ওই গ্রামের বাসিন্দা।

এ সময় মোটরসাইকেলচালক নুরুল কবিরও গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আবদুল কাদের প্রথম আলোকে বলেন, গতকাল রাতে উত্তর ধলঘাটপাড়া জামে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে নিজ বাড়িতে ফিরছিলেন আবুল কাশেম। এ সময় রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ আবুল কাশেমের গায়ের ওপর আছড়ে পড়ে। এতে আবুল কাশেম ও মোটরসাইকেলচালক নুরুল কবির (৩৫) আহত হন।

এই প্রত্যক্ষদর্শী আরও বলেন, স্থানীয় লোকজন আহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, গতকাল রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ নিয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।