হঠাৎ শিয়ালের আক্রমণে একে একে আহত ২৩, রক্ষা পেতে একটিকে পিটিয়ে হত্যা
পানবরজে কাজ করতে গিয়েছিলেন বৃদ্ধ মুনসুর রহমান (৬৩)। কিছু বুঝে ওঠার আগেই পায়ে কামড়ে ধরে শিয়াল। নিজেকে রক্ষার চেষ্টা করে এক সময় ছাড়িয়ে নেন। ততক্ষণে ক্ষত-বিক্ষত হয়েছে পা’সহ শরীরের বিভিন্ন অংশ।
মুনসুর রহমানের মতো আরও ২২ জন একে একে শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামে শিয়ালের আক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। নিজেদের রক্ষা করতে একটি শিয়ালকে পিটিয়ে মেরেছেন গ্রামবাসী।
আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন—শ্রীপুর গ্রামের মুনসুর রহমান (৬০), আবদুল গাফফার (৬১), শহিদুল ইসলাম (৩০), নজরুল ইসলাম (৫৪), আমিনুল ইসলাম (৪০), মকবুল হোসেন (৬০), নাজিম উদ্দিন (৪৪), রুহুল আমিন (৩২), আবদুর রশিদ (৪৯), আফসার আলী (৬১), ইদ্রিস আলী (৩৫), হাফিজুর রহমান (৪৯), আবদুস সালাম (৬০) ও রফিকুল ইসলাম (৪৫)। তাঁদের মধ্যে দুজন এখনো হাসপাতালে ভর্তি।
উপজেলার শ্রীপুরের গ্রামের লোকজন বলেন, আজ সকাল সাড়ে ছয়টার দিকে নিজের পানবরজে কাজ করতে যান মনসুর। পানবরজে ঢুকতেই শিয়াল এসে তাঁকে ঘিরে ধরে কামড়ানো শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করেন। পরে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ পর গ্রামের অন্য শ্রমিকেরা আলাদা-আলাদা পানবরজে গেলে তাঁরাও শিয়ালের আক্রমণের শিকার হন। এভাবে সকাল ৯টা পর্যন্ত ওই গ্রামের ২৩ জন শিয়ালের আক্রমণের শিকার হন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আরও এক কৃষককে আক্রমণ করতে গেলে লোকজন একটি শিয়ালকে পিটিয়ে মেরেছেন। তাঁরা জানান, শিয়ালটি কামড়াতে এসেছিল। এ সময় লোকজন জড়ো হয়ে ধাওয়া দিয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরেছেন। শিয়ালকে পালানোর সুযোগ দেওয়া হলেও না পালিয়ে আক্রমণ করে। এ জন্য বাধ্য হয়ে মেরে ফেলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ইনতাজ আলী বলেন, শ্রীপুরের প্রধান অর্থকরী ফসল পান। নদী ও বিলের ধারে পানবরজগুলো স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে শিয়াল ছিল না। তবে ৮ থেকে ১০ বছর ধরে শিয়ালের সংখ্যা বাড়লেও মানুষের প্রতি আক্রমণ এটাই প্রথম। লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
আহত আমিনুল ইসলাম বলেন, পানবরজে শিয়াল থাকে। তাঁরা কোনো দিন সেগুলোকে মারেননি। শিয়ালও কোনো দিন আক্রমণ করেনি। দিনের বেলায় তাঁরা পানবরজে নির্বিঘ্নে কাজ করেন। তবে রাতের বেলায় শিয়ালগুলো আহারের জন্য বের হয়। কেন আজকে এভাবে কামড়ানো শুরু করল, তা বুঝতে পারছেন না।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা বলেন, শিয়ালকে না মারার জন্য ও লোকজনকে সর্তক হয়ে চলার জন্য বলা হয়েছে। সর্তক করে এলাকায় মাইকিং করা হয়েছে। তবে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাফিয়া সুলতানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিয়ালের আক্রমণের শিকার লোকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের ভ্যাকসিন নেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিটি করপোরেশন এলাকা ছাড়া ভ্যাকসিন না থাকায় আক্রমণের শিকার রোগীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। তবে সবাই সুস্থ আছেন।
উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এরকম খবর তাঁরা পাননি। বন্য প্রাণীকে মেরে ফেলা ঠিক নয়। তাঁরা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।