‘হত্যা বা গুমের’ শিকার গৃহবধূ দেড় বছর পর উদ্ধার
সাতক্ষীরায় ‘হত্যা, গুম অথবা পাচারের’ অভিযোগে মামলা করার দেড় বছর পর ‘ভুক্তভোগী’ নারীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ থেকে তাঁকে উদ্ধার করা হয়। ফলে দীর্ঘদিন পর সাতক্ষীরার চাঞ্চল্যকর এ ঘটনার জট খুলল।
ওই নারীকে উদ্ধারের ঘটনায় আজ বেলা দুইটায় সাতক্ষীরা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ। কেন, কীভাবে ভুক্তভোগী সাতক্ষীরা থেকে নারায়ণগঞ্জে গেলেন তা নিয়ে কিছু জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তা শাফিন মাহমুদ বলেন, এক বছর আট মাস আগে হঠাৎ নিখোঁজ হন সাতক্ষীরা সদরের পশ্চিম পলাশপোল এলাকার আবদুল হামিদ ওরফে হামিজউদ্দীনের মেয়ে শারমিন সুলতানা (২৮)। এ ঘটনায় ২০২০ সালের ২৩ আগস্ট সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে শারমিন সুলতানাকে হত্যা, গুম বা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন হামিজউদ্দীন। এতে শারমিনের শ্বশুরবাড়ির লোকজনকে অভিযুক্ত করা হয়। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
শাফিন মাহমুদ আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হাবিবুর রহমান ঘটনাটি থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য আদালতে আবেদন করেন। পরবর্তী সময়ে আদালত অভিযোগটি নিয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলার করার নির্দেশ দিলে ২০২১ সালের ৮ আগস্ট মামলা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন উপপরিদর্শক অর্পনা বিশ্বাস ঘটনার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে পুলিশ সদর দপ্তর পিবিআই সাতক্ষীরাকে মামলাটি তদন্তের নির্দেশনা দেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম শারমিন সুলতানাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়। এ সময় তাঁর সঙ্গে কাউকে পাওয়া যায়নি।
শারমিন কেন, কীভাবে নারায়ণগঞ্জ গেলেন, সে বিষয়ে কিছু বলেননি শাফিন মাহমুদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
শারমিন সুলতানার স্বামী শহরের ইটাগাছা এলাকার হাবিবুর রহমান বলেন, সাড়ে তিন বছরের ছেলেকে রেখে হঠাৎ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যান তাঁর স্ত্রী। এরপর তাঁর শ্বশুর মামলা করেন। তিনি প্রথম থেকেই বলে আসছিলেন, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। হাবিবুর বলেন, মামলার জন্য তিনি একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। ইতিমধ্যে তাঁর ১০ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। তিনি এই মিথ্যা মামলা দেওয়ার জন্য বাদী ও তাঁদের পরিবারের সদস্যদের শাস্তির দাবি জানান।