হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের বুড়িমারীতে সিঅ্যান্ডএফ কর্মচারী সাজেদুল ইসলাম হত্যা মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সিদ্দিকুল আরেফিন চৌধুরী গতকাল বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময় সাজা পাওয়া তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের বিশেষ নিরাপত্তায় আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীর (আমবাড়ি) আবদুস সাত্তার মুনশির ছেলে আশরাফুল ইসলাম ওরফে তুফান, বুড়িমারীর (তাঁতিপাড়া) মৃত রহিম উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম ওরফে বাচ্চু এবং একই উপজেলার উফারমারার (ডাঙ্গাপাড়া) আবুল হোসেনের ছেলে জোবায়েদ হোসেন ওরফে সুজন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, নিহত সাজেদুল ইসলাম ২০০৬ সালে আসামি আশরাফুল ইসলামের কাছ থেকে ৫০০ টাকা ঋণ নেন। পরে তিনি তা পরিশোধে গড়িমসি করেন। এতে আশরাফুল ইসলাম একই বছরের ৩১ আগস্ট রাতে অপর দুই আসামির সহযোগিতায় মুঠোফোনে সাজেদুল ইসলামকে ডেকে কুপিয়ে বুড়িমারী এলাকায় ফেলে রাখেন। পরে তাঁকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।