হত্যা মামলার আসামি যশোর জেলা ছাত্রলীগ নেতা রওশন গ্রেপ্তার
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রওশন। শুক্রবার বিকেলে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া (তেঁতুলতলা) এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক অংশে নেতৃত্ব দিচ্ছেন যশোর সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ এবং অপর অংশে নেতৃত্ব দিচ্ছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গ্রেপ্তার রওশন ইকবাল আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত।
র্যাব-৬–এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, রওশনের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকেলে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৩ নম্বর আসামি রওশন ইকবাল। একই বছরের ১৬ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে শামীম হাসানের নাম ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা এর বিরোধিতা করেন। ফলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুল ইসলাম পদবঞ্চিতদের পক্ষে নেতৃত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে প্রকাশ্যে তাঁকে হত্যা করা হয়।
একই বছরের ১৫ জুলাই নিহত নাঈমুল ইসলামের মামা রফিকুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২–৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি সিআইডি তদন্ত করে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।