হত্যা মামলার এজাহার পরিবর্তনের মামলায় পুঠিয়ার বরখাস্ত ওসি কারাগারে
রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আজ রোববার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. ইসমত আরা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার পরিবর্তনের মামলা আছে। এ মামলায় হাইকোর্টের নির্দেশমতো ৮ ডিসেম্বর সকালে সাকিল এই আদালতে আত্মসমর্পণ করেন। সেদিন তিনি আইনজীবীর মাধ্যমে জামিন চান। তবে মামলার মূল নথি না থাকায় সেদিন ওই আবেদনের শুনানি হয়নি। আদালত তাঁকে আবার আজ আদালতে হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী তিনি আজ আদালতে হাজির হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সাকিল উদ্দিন আহমেদের আইনজীবী আসলাম সরকার বলেন, আজ নির্ধারিত দিনে সাকিল উদ্দিন আহমেদ আদালতে হাজির হন। জামিন আবেদনের শুনানিতে বিচারক তাঁর আবেদন নামঞ্জুর করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাকিলের বিরুদ্ধে অভিযোগ, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকার সময় তিনি একটি হত্যা মামলার এজাহার বদলে দিয়েছিলেন। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত করান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুদক তাঁর বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় জামিন নিতে হাইকোর্টে যান সাকিল। তবে হাইকোর্ট তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।