হত্যা মামলার দুই আসামিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হত্যা মামলার দুই আসামিকে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম সরফভাটায় একটি বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. মনজুর হোসেন (২৭) ও মো. আবুল কাশেম (৩০)।

গত ১ মার্চ সরফভাটার একটি পাহাড়ে পূর্বশত্রুতার জেরে উকিল আহমেদ নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন তাঁর এক ছেলেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নিহত দুজন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, হত্যাকারীরা পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তারা আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে ছিল। রাতে দুজনকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কি না, এ ব্যাপারে তদন্ত চলছে।

ওসি হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত দুজনের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার তাঁরা কারাগারেও ছিলেন।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমানের ভাষ্য, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। পূর্বশত্রুতার জেরে, নাকি অন্য কোনো কারণে এ খুনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।