হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা, তিন সন্দেহভাজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে একটি হত্যা মামলার প্রধান আসামি আবদুল গণি ওরফে বিচুকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর হামলাকারী তিন যুবককে স্থানীয় লোকজন পিটুনি দেয়। পরে পুলিশ তাঁদের আটক করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী বাজারে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন আবদুল গণির ওপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত আবদুল গণি তিয়শ্রী ইউনিয়নের বালালি গ্রামের মৃত মনসুর তালুকদারের ছেলে। আটক যুবকেরা হলেন বালালি গ্রামের সুজন মিয়ার ছেলে ধনাই মিয়া (৩২), সঞ্জু মিয়ার ছেলে আশাদুল হক (২৫) ও জবশেদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০২০ সালের ৮ জুন আবদুল গণি ও তাঁর লোকজন প্রতিবেশী রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে রিয়াজ উদ্দিনের বৃদ্ধ মা আহত হন। পরে তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর গত ১৩ জুন দুপুরে ওই বৃদ্ধাকে হাসপাতালে দেখতে যান তাঁর স্বজন একই গ্রামের সবুজ তালুকদারের ছেলে সুমন মিয়া (২৫)।

এ সময় হাসপাতালের ভেতরেই আবদুল গণির লোকজন সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। সেখান থেকে সুমনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন রাতে সুমনের ভাই পলাশ মিয়া বাদী হয়ে আবদুল গণিকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর আবদুল গণি সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে আসেন। এর পর থেকে তিনি মদনের নায়েরকপুর ইউনিয়নের মাখনা গ্রামে বাচ্চু মিয়া নামের তাঁর এক আত্মীয় বাড়িতে বসবাস করছিলেন। শনিবার বিকেলে আবদুল গণি সেখান থেকে তিয়শ্রী বাজারে আসেন। সন্ধ্যায় তিনি বাজারের আউয়াল মিয়ার দোকানে বসে নাশতা করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর দেশি অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপে আবদুল গণি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে স্থানীয় লোকজন হামলাকারীদের মধ্যে ধনাই, আশাদুল ও রফিকুল নামের তিন যুবককে ধরে পিটুনি দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের কাছে তাঁদের সোপর্দ করা হয়। রাত পৌনে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ ঘটনাস্থলেই ছিল।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) রাজন কুমার দাস প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ তিনি জানান, আটক তিন যুবককে পুলিশি হেফাজতে রেখে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।