হত্যা মামলায় জামিন চাইতে গিয়ে ইউপি সদস্য কারাগারে
ঝালকাঠি সদর উপজেলায় দিনমজুর মিরাজ শেখ (৩৫) হত্যা মামলায় জামিন চাইতে যান কেওড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন খান (৪৫)। আজ রোববার বেলা একটার দিকে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি গ্রামের শেখ সাত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় মিরাজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
এ ঘটনায় ১৫ ডিসেম্বর সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কেওড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম তালুকদারকে ১ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল হোসেন খানকে ২ নম্বর আসামি করা হয়। জমিজমা নিয়ে বিরোধের জেরে নজরুল ও উজ্জ্বল দলবল নিয়ে দেশি অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।
মামলার আরেক আসামি আকবর হোসেন কারাগারে। তবে ১ নম্বর আসামি ইউপি সদস্য নজরুল ইসলাম তালুকদার উচ্চ আদালত থেকে নেওয়া জামিনে আছেন। এজাহারে উল্লিখিত অন্য আসামিরা পলাতক।