হত্যাকারীদের ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের শিশু সোলায়মানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
গতকাল বুধবার এই মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশও হয়। এতে সোলায়মানের বাবা মোকাররম হোসেন, স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
গত শনিবার বিকেলে গাজীপুর চৌরাস্তার কাছে আউটপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী মোকাররম হোসেনের ছেলে সোলায়মান বাবার দোকানের পাশে একটি সেলুনের সামনে খেলার সময় নিখোঁজ হয়। রাতেই মোকাররমের মুঠোফোনে কল করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এক ব্যক্তি। পরের দিন জয়দেবপুর থানায় জিডি করেন মোকাররম। এরপর সোমবার কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।