হত্যাচেষ্টার ঠিক দুই বছরের মাথায় আবারও হামলা, এবার কুপিয়ে হত্যা
২০২০ সালের ১২ ফেব্রুয়ারি রাত। বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকা। প্রতিপক্ষের হামলার শিকার হন স্থানীয় তরুণ তুহিন হোসেন ওরফে কুইন (২৪)। ছুরিকাঘাতে আহত হয়ে সে দফায় বেঁচে গিয়েছিলেন তিনি।
গুনে গুনে এর ঠিক দুই বছরের মাথায় সেই ১২ ফেব্রুয়ারি রাতে একই এলাকায় আবারও হামলার শিকার হলেন তুহিন হোসেন। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এবার তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন হামলাকারীরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিশিন্দারা চকরপাড়ায় (খাঁপাড়া) ইউক্যালিপটাসবাগানে তাঁর পক্ষের ছেলেদের নিয়ে পিকনিক আয়োজন করেন তুহিন হোসেন। রাত সোয়া ১১টার দিকে সেখানে পিকনিকের খাওয়াদাওয়ার আয়োজন চলছিল। এরই মধ্যে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ১২ থেকে ১৩ যুবক সেখানে হামলা চালান। এ সময় তাঁরা প্রথমে তুহিনকে কুপিয়ে জখম করেন। তাঁকে উদ্ধার করতে এলে মোহাম্মদ রহিম (৩২) ও ঝন্টু (২৫) নামে আরও দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তুহিনের লাশ রোববার দাফন করা হয়। তুহিন নিশিন্দারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তুহিন হোসেনের সঙ্গে স্থানীয় আরেকটি পক্ষের ছেলেদের বিরোধ দীর্ঘদিনের। ওই পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন নিশিন্দারা এলাকার আরাফাত। বিরোধের জেরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে চকরপাড়ায় (খাঁ পাড়া) ইউক্যালিপটাসবাগান এলাকায় তুহিনের ওপর হামলা হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তিন দিনের মাথায় তুহিনের খালাতো ভাই নয়ন মিয়াকে একই স্থানে ছুরিকাহত করে হত্যা করা হয়। তুহিনকে হত্যাচেষ্টা এবং নয়নকে হত্যার ঘটনায় থানায় আলাদা মামলা হয়।
পরিদর্শক জিল্লুর রহমান বলেন, কয়েক দিন আগে আরাফাতের সঙ্গে তুহিন হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জেরে শনিবার রাতে আরাফাত তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তুহিনকে মৃত ঘোষণা করেন।
রোববার সকাল ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কথা হয় তুহিন হোসেনের বড় ভাই রিংকু হোসেনের (২৮) সঙ্গে। ভাইয়ের শোকে শোকাহত রিংকু বলেন, একসময় ভাংরি ব্যবসা করতেন আরাফাত। পরে মাদক ব্যবসায় জড়ান। অস্ত্রসহ একবার গ্রেপ্তারও হয়েছেন। এলাকায় নানা অপরাধে জড়িত এই আরাফাত চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে একটি বাহিনী গড়ে তুলেছিলেন। নানা অপরাধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন তিনি। তাঁর বেশ কিছু অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তুহিন ও তাঁর ছেলেদের সঙ্গে বিরোধ বাধে আরাফাতের। বিরোধের জেরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে সাঙ্গপাঙ্গ নিয়ে তুহিনের ওপর হামলা করেন আরাফাত। ছুরিকাহত হয়ে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা শেষে কোনো রকমে প্রাণে বেঁচে যান।
রিংকু বলেন, আহত তুহিনকে হাসপাতালে দেখে ফেরার পথে ইউক্যালিপটাসবাগান এলাকায় ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি খালাতো ভাই নয়ন মিয়াকে ছুরিকাহত করে হত্যা করা হয়। ঠিক দুই বছর পর হামলা চালিয়ে তুহিনকে হত্যা করলেন।
রিংকু হোসেন অভিযোগ করেন, দুদিন আগে নিকটাত্মীয়ের বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ বাধে। আরাফাত ও তাঁর সাঙ্গপাঙ্গরা প্রতিবেশীর পক্ষ নিয়ে সেখানে গিয়ে তুহিনকে হুমকি দেন। এ নিয়ে তাদের সঙ্গে তুহিনের বাগ্বিতণ্ডা হয়। এর জেরেই শনিবার রাতে এ হামলা হয়।
পুলিশ জানিয়েছে, ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি নয়ন মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরাফাতসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে আরাফাতসহ আসামিরা কিছুদিন কারাগারে ছিলেন। স্বজনদের অভিযোগ, নয়ন হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে আরাফাত ও অন্য আসামিরা শনিবার রাতে তুহিন হোসেনকে কুপিয়ে হত্যা করেন।
বগুড়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, তুহিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় কেউ আটক নেই।