হত্যার ঘটনায় তালা উপজেলা আ. লীগ নেতাকে বহিষ্কার

সোমবার রাতে মাছ চুরির অভিযোগে লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারীকে মারপিট করছিলেন সরদার মশিয়ার রহমানের ঘেরের কর্মচারীরা। এ সংবাদ শুনে লুৎফর নিকারী তাঁর ছেলেকে বাঁচাতে যান। তখন লুৎফরকে পিটিয়ে হত্যা করা হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার জিয়ালানলতা গ্রামের লুৎফর নিকারী হত্যাকাণ্ডে মশিয়ারের জড়িত থাকার অভিযোগ ওঠার পর এমন ব্যবস্থা নেওয়া হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তাতে বলা হয়েছে, ২০১৯ সালের ৮ ডিসেম্বর তালা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সরদার মশিয়ার রহমানকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এর পর থেকে তাঁর বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা ও দলের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য তাঁকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, সোমবার রাতে মাছ চুরির অভিযোগে লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারীকে মারপিট করছিলেন সরদার মশিয়ার রহমানের ঘেরের কর্মচারীরা। এ সংবাদ শুনে লুৎফর নিকারী তাঁর ছেলেকে বাঁচাতে যান। তখন লুৎফরকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সেলিম বাদী হয়ে মঙ্গলবার সরদার মশিয়ার রহমানসহ কয়েকজনের নামে মামলা করেন। ওই মামলায় মশিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সাময়িক বহিষ্কারের তথ্যের সত্যথা নিশ্চিত করেন। তিনি বলেন, মশিয়ারকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।