হত্যার দায়ে বাবা-ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও গলা টিপে হত্যার ঘটনায় করা মামলায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম আজ বুধবার দুপুরে এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত বাবা-ছেলে আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম ও তাঁর ছেলে মো. জুয়েল।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, আবদুল মান্নানের সঙ্গে ফিরোজ আলমের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই সোনাপুর গ্রামে আবদুল মান্নানকে পিটিয়ে ও গলা টিপে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই দিন নিহত মান্নানের বাবা ইসমাইল জবি উল্যা বাদী হয়ে রায়পুর থানায় ফিরোজ আলম ও তাঁর ছেলে জুয়েলকে আসামি করে হত্যা মামলা করেন। একই বছরের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।