হত্যার দায়ে ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ১২
হবিগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে হত্যার মামলায় আটজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা তিনটার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুধাংশু সেন, সুভাষ সেন, এরশাদ আলী, আবদুল মালেক, মোশাররফ মিয়া, আবুল কালাম, আতাউর রহমান ও আবুল কাশেম।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, অভিযুক্ত আসামিরা ২০১১ সালের ৭ জানুয়ারি পূর্বশত্রুতার জেরে মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের রেদওয়ান মহসীন টিপুর বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপান এবং তাঁর পায়ের রগ কেটে দেন। রেদওয়ানকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেদওয়ানের স্ত্রী হাছিনা আক্তার বেবি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এর মধ্যে একজন মারা গেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে চারজন কারাগারে। বাকিরা পলাতক।
বাদীপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, তাঁরা এই রায়ে সন্তুষ্ট।