হবিগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্বে সালেহ-মোছাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আবদুল মোছাব্বির বকুল
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে সালেহ উদ্দিন আহমেদ ও আবদুল মোছাব্বির বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুজনই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা আইনজীবী সমিতির ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

হবিগঞ্জ আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, এক বছর মেয়াদি সমিতি পরিচালনা পরিষদের মোট পদ ১৫টি। এর মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক (প্রথম শাখা), যুগ্ম সম্পাদক (দ্বিতীয় শাখা), ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক, লাইব্রেরি সম্পাদকসহ সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ৬৩৭ জন ভোটারের মধ্যে ৫২৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে কোনো প্যানেল ছিল না।

সভাপতি পদে সালেহ উদ্দিন পেয়েছেন ২৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান চৌধুরী পেয়েছেন ১৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আবদুল মোছাব্বির পেয়েছেন ২৭৫ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থক আবদুল হাই পেয়েছেন ১৪২ ভোট।

এ ছাড়া সহসভাপতি হিসেবে আবু তাহের মিয়া, যুগ্ম সম্পাদক (প্রথম শাখা) পদে জন্টু চন্দ্র দেব, যুগ্ম সম্পাদক (দ্বিতীয় শাখা) পদে জেবুন্নেসা চৌধুরী, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে জাদিলউদ্দিন আহমেদ ও লাইব্রেরি সম্পাদক পদে আবদুল মজিদ নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা বোর্ডের আহ্বায়ক নুরুল আমিন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।