হবিগঞ্জ আওয়ামী লীগে হঠাৎ অস্থিরতা

  • সাবেক সাংসদ কেয়া চৌধুরী বক্তব্য দেওয়ার সময় আচমকা বাধা, লাঞ্ছনা। দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে।

  • জেলা আওয়ামী লীগে এখন দুই পক্ষ। এক পক্ষে সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী। অন্যপক্ষে সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনে দলটির সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

  • সম্প্রতি কেয়া চৌধুরীকে লাঞ্ছিত করার ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করার ঘটনা ঘিরে হবিগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে দ্বন্দ্ব ও অস্থিরতা বেড়েছে। এ জন্য বিবদমান দুই পক্ষ একে অপরকে দায়ী করছে।

ওই দুই পক্ষ হলো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী ও সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনে দলটির সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। স্থানীয়ভাবে আলমগীর চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ মো. আবু জাহিরের অনুসারী হিসেবে পরিচিত।

আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাত আটটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের রেলস্টেশনের পার্কিং এলাকায় আলোচনা সভার আয়োজন করে পৌর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। সভায় আলমগীর এবং কেয়া চৌধুরীও উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন কেয়া। বক্তব্য চলাকালে হঠাৎ কিছু ব্যক্তি তাঁকে মঞ্চ থেকে জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে হট্টগোল শুরু হয়।

কেয়া চৌধুরীর অনুসারীদের অভিযোগ, আলমগীর চৌধুরী ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের ইন্ধনে কেয়া চৌধুরীকে মঞ্চ থেকে জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন কিছু ব্যক্তি। এ সময় তাঁর কাপড় ধরে টানাটানিও শুরু করেন তাঁরা। তখন মঞ্চে উঠে সাবেক ছাত্রলীগ নেতা ও হবিগঞ্জের স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ-এর সম্পাদক সুশান্ত দাস গুপ্তসহ দুজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তখন ওই দুজনের ওপরও হামলা চালানো হয়। পরে দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তবে আলমগীরের অনুসারীদের দাবি, অপ্রাসঙ্গিকভাবে স্থানীয় একটি পত্রিকার প্রশংসা করার কারণে শায়েস্তাগঞ্জের কিছু ব্যক্তি ক্ষুব্ধ হন। সাবেক সাংসদকে এ নিয়ে বক্তৃতা না দিতে তাঁরা অনুরোধ জানান। তখন ওই পত্রিকার সম্পাদক মঞ্চে উঠলে হট্টগোল শুরু হয় এবং এই সম্পাদকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। কেয়া চৌধুরীকে কেউ লাঞ্ছিত করেনি।

দীর্ঘদিন ধরে তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে জেলা আওয়ামী লীগের একটি মহল তাঁর সভা-সমাবেশে বাধার সৃষ্টি করছে। এরই জের ধরে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের জনসভায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য দেওয়ার সময় আলমগীর চৌধুরী ও সাইদুর রহমানের নেতৃত্বে কিছু ব্যক্তি তাঁকে অকারণেই লাঞ্ছিত করেন।
কেয়া চৌধুরী , সংরক্ষিত আসনের সাবেক সাংসদ

অস্থিরতা ও দ্বন্দ্ব

কেয়া চৌধুরীকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার জন্য গতকাল বুধবার বিকেল চারটার দিকে আওয়ামী লীগের ব্যানারে একদল নেতা-কর্মী হবিগঞ্জ শহরের জেলা পরিষদের সামনে জড়ো হন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কয়েক শ নেতা-কর্মী জেলা পরিষদ ঘিরে ফেলে তাঁদের অবরুদ্ধ করেন। এ নিয়ে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য শহরের প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে শতাধিক পুলিশ গিয়ে দুই পক্ষকে শান্ত করে। রাত আটটার দিকে পুলিশি পাহারায় বিক্ষোভ করতে আসা নেতা-কর্মীদের বের করে নিয়ে যাওয়া হয়। পরে রাতে কেয়া চৌধুরীর অনুসারীরা শহরে বিক্ষোভ মিছিল করে চৌধুরীবাজার এলাকায় সমাবেশ করেছেন।

কেয়া চৌধুরী প্রথম আলোকে বলেছেন, দীর্ঘদিন ধরে তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে জেলা আওয়ামী লীগের একটি মহল তাঁর সভা-সমাবেশে বাধার সৃষ্টি করছে। এরই জের ধরে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের জনসভায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য দেওয়ার সময় আলমগীর চৌধুরী ও সাইদুর রহমানের নেতৃত্বে কিছু ব্যক্তি তাঁকে অকারণেই লাঞ্ছিত করেন।

কেয়া চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগ গণমুখী দল। তাই আমি সব সময়ই চেষ্টা করি, মাঠপর্যায়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সরকারের উন্নয়ন তুলে ধরতে। এটি করতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত একটা যোগাযোগ ও সম্পর্ক তৈরি হচ্ছে। এটি একটি মহল সহ্য করতে পারছে না। তাই নানাভাবে নানা সময় আমাকে ঘায়েল করতে অপপ্রচার চালায়। শায়েস্তাগঞ্জের ঘটনা এরই অংশ।’

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সেদিন খুব সুন্দরভাবে গুছিয়ে সরকারের পক্ষে বক্তৃতা করছিলেন। হঠাৎ কিছু ব্যক্তি হট্টগোল শুরু করে। এরপর সাবেক ওই সাংসদকে আচমকাই নানাভাবে লাঞ্ছিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আলী

এ বিষয়ে আলমগীর চৌধুরী বলেন, কেয়া চৌধুরী গত মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের জনসভার বিষয়বস্তু এড়িয়ে বিতর্কিত বক্তব্য দেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা তাঁর এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তবে হামলা বা গালাগালের ঘটনা ঘটেনি।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন, ওই দিন মঞ্চে কেয়া চৌধুরী অপ্রাসঙ্গিক বক্তব্য রাখলে দলের স্থানীয় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। এখানে ছাত্রলীগের কোনো ভূমিকা ছিল না। তিনি ছাত্রলীগকে অযথাই দোষারোপ করছেন। তিনি দাবি করেন, সুশান্ত দাস গুপ্তের সঙ্গে কিছু ব্যক্তির হাতাহাতি ঘটলেও কেয়া চৌধুরীর সঙ্গে কেউ খারাপ আচরণ করেনি।

ওই আলোচনা সভার মঞ্চে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আলী। তিনি ঘটনা প্রসঙ্গে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সেদিন খুব সুন্দরভাবে গুছিয়ে সরকারের পক্ষে বক্তৃতা করছিলেন। হঠাৎ কিছু ব্যক্তি হট্টগোল শুরু করে। এরপর সাবেক ওই সাংসদকে আচমকাই নানাভাবে লাঞ্ছিত করা হয়। তাঁর (সাবেক সাংসদ) কাপড় ধরেও কিছু বখাটে টানাটানি করে। বিষয়টি খুবই দুঃখজনক। একজন মুক্তিযোদ্ধা হয়ে আরেক মুক্তিযোদ্ধার সন্তানের সঙ্গে এমন আচরণ আমাকে খুব কষ্ট দিয়েছে। পরে আমরা কয়েকজন কেয়া চৌধুরীকে নিরাপদে গাড়িতে তুলে দিয়েছি।’