হ‌বিগঞ্জ বিএন‌পির ৪০ নেতা-কর্মী মু‌ক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে মুক্তি
প্রতীকী ছবি

হবিগঞ্জে পুলিশের করা মামলায় জেলা বিএনপির ৪০ নেতা-কর্মী গতকাল বুধবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল তাঁদের কারামুক্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন জেলা কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঁইয়া।  

আসামিদের সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। ১ ফেব্রুয়ারি দুপুরে তাঁরা হবিগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি মিছবাহ উদ্দিন। গত সোমবার উচ্চ আদালত থেকে তাঁরা আবার জামিন পান।

পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর বিকেলে হবিগঞ্জ জেলা সদরে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। হবিগঞ্জ পৌরসভার মাঠে এ সমাবেশের জন্য জেলা বিএনপি অনুমোদন চাইলে প্রশাসন তা দেয়নি। পরে শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়। সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীরা আসতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১৫ পুলিশ সদস্য ও বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। ওই দিন বিএনপির ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম একটি মামলা করেন। এতে বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে এবং ২ হাজারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ওই ৪০ নেতা-কর্মী ৬ সপ্তাহ আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে ১ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে বিচারক তাঁদের কারাগারে পাঠান। গত সোমবার উচ্চ আদালত থেকে আবার জামিন পান তাঁরা।