হবিগঞ্জে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে আরও ১৫ জন করোনায় (কোভিড–১৯) আক্রান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং ঢাকার একটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁরা সবাই করোনা 'পজিটিভ' শনাক্ত হন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, গতকাল সিলেটের ল্যাবে বিভাগের মোট ৯১ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে হবিগঞ্জের ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে হবিগঞ্জ জেলার ১২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ১১৭ জনের করোনা শনাক্ত হলো। তবে ওইদিন বিভাগের অন্য তিন জেলা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের কারও করোনা শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । এর মধ্যে হবিগঞ্জের ১১৭ জন, সিলেটের ৮৮ জন, সুনামগঞ্জের ৬৩ ও মৌলভীবাজারের ৪৮ জন। এদের মধ্যে আবার সুস্থ হয়েছেন ৪৭ জন। করোনায় আক্রান্তদের মধ্যে ছয়জন মারা গেছেন।