হবিগঞ্জে আ.লীগের ২৫ নেতা–কর্মীকে সাময়িক বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলের বিপরীতে নির্বাচনী কাজে অংশ নেওয়ায় হবিগঞ্জে আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ–৩ আসনের সাংসদ আবু জাহিরের সভাপতিত্বে দলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কার নেতা–কর্মীরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য মীর জালাল, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য কয়সর আহমেদ, আমিরুল ইসলাম, আক্তার হোসেন, সেবলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আবুল কালাম বাবুল, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ।
তাঁদের প্রত্যেককে সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে নবীগঞ্জ উপজেলার আছেন পূর্ব ভাকৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খালেদ মোশারফ, সদস্য মেহের আলী মহলদার, আওয়ামী লীগের কর্মী জায়েদ উদ্দিন, যুবলীগ নেতা নোমান হোসেন, উপজেলা কৃষক লীগ নেতা আবদুল মুকিত, আওয়ামী লীগ নেতা তালেব উদ্দিন নিজাম, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, জাবেদুল আলম চৌধুরী সাজু, জুনেদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ।
এ ছাড়া আজমিরীগঞ্জের শিবপাশা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক স্বাধীন মিয়া, জলসুখা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন ও আলী আমজাদ তালুকদারকে বহিষ্কার করা হয়েছে।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর সদর উপজেলার ৮ ইউপিতে ও নবীগঞ্জের ১৩ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার পাঁচ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, বহিষ্কৃতদের মধ্যে কেউ কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আবার অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে অংশ নেন। এ কারণে ওই ২৫ নেতা–কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।